২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টয়োটার উদ্যোগ

দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরায় সাহায্য করতে এবার নতুন পরিধানযোগ্য গ্যাজেট তৈরি করছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

নতুন এই গ্যাজেটটি দৃষ্টিপ্রতিবন্ধীদের কাঁধে লাগানো থাকবে। এর সঙ্গে যুক্ত থাকা ক্যামেরা আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করবে। আর সেখান থেকে পাওয়া তথ্য স্পিকার এবং ভাইব্রেশন মোটরের মাধ্যমে ব্যাবহারকারীকে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বিবিসি।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য টয়োটার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রয়্যাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড পিপল-এর সদস্যরা। তারা এটিকে একটি 'সাড়া জাগানো' গ্যাজেট হিসেবে মনে করছেন। গ্যাজেটটি নিয়ে রয়্যাল ইনস্টিটিউট সিনিয়র স্ট্র্যাটেজি ম্যানেজার রবিন স্পিংকস বলেন, “ক্রমবর্ধমান পরিধানযোগ্য প্রযুক্তিতে এটি একটি সাড়া জাগানো উন্নয়ন।”

নতুন এই গ্যাজেটটি বানিয়েছে প্রজেক্ট ব্লেইডের সদস্যরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ম্যাপ, বস্তু চেনা এবং মানুষের মুখ চেনার জন্য প্রযুক্তি তৈরি করার পরিকল্পনা করছে তারা।

সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পরিধানযোগ্য হেডসেট তৈরি করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এই হেডসেটটি শহরের মধ্যে লোকেশন এবং ন্যাভিগেশন ডেটার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে কথা বলতে সহায়তা করবে। আর মাইক্রোসফটের এমন ঘোষণার পরই টয়োটার কাছ থেকে এমন ঘোষণা এল।

গ্যাজেটটি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি টয়োটা। এ সপ্তাহেই এ নিয়ে বিস্তারিত জানানো হতে পারে, তবে সেজন্য কোন নির্ধারিত তারিখ দেয়নি প্রতিষ্ঠানটি। টয়োটার পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যেসব ডিভাইস বর্তমানে আছে,  তাদের গ্যাজেট সেগুলোকে সরিয়ে ফেলবে না। কিন্তু এটি অন্ধদেরকে আশপাশের পরিবেশ নিয়ে আরও বেশি তথ্য দিতে পারবে।