কর্মীদের ফেইসবুক প্রেম, কারণ কী?
কাজ করতে অনেক ‘সুমধুর অভিজ্ঞতা’ পান সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের কর্মীরা।
কিন্তু কী কারণে কর্মস্থল হিসেবে প্রতিষ্ঠানটিকে ‘অনন্য’ হিসেবে ধরা যায়? না, এর ‘অসাধারণ’ কার্যালয় বা ‘বিশাল’ অংকের বেতনের কারণে নয়। বরং, বিশ্বব্যাপী এর প্রচুর সংখ্যক ব্যবহারকারী দেখে পাওয়া অনুপ্রেরণাই আসল কারণ, ফেইসবুকের বিজ্ঞাপন সরবরাহ, ই-কমার্স, বিশ্লেষণ প্রকৌশল পরিচালক জন হেগম্যান-এর কথার সূত্র ধরে এমনটাই জানিয়েছে বিজনেস ইনসাইডার।
২০০৭ সালে ফেইসবুক যখন প্রথম 'সেলফ সার্ভিস অ্যাড প্লাটফর্ম' উন্মোচন করে, তখন ফেইসবুকে কাজ করা শুরু করেছিলেন তিনি। ফেইসবুকের নিউজ ফিডে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়, তার পিছনে সবচেয়ে বড় হাত হ্যাগম্যান-এরই। বিভিন্ন ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনকে ফেইসবুকের নিউজফিড এ সুবিধাজনক জায়গায় রাখতে ব্রান্ডগুলোকে নিলামে অংশ নিতে হয়, যার পুরোটাই দেখভাল করেন তিনি।
কাজে পরিবর্তন আনার জন্য ২০১৩ সালে বিরতি নিয়ে প্রশ্নোত্তর বিষয়ক সাইট ‘কুওরা’তে এক বছর কাজ করেন তিনি। কিন্তু তিনি কেন ফিরে এলেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান, যার মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা একশ ষাট কোটি, এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করাটা তিনি মিস করতেন।
তিনি বলেন, “আপনি পেছনে তাকিয়ে চিন্তা করতে পারেন, আমরা যে পরিবর্তন এনেছি, এতে পৃথিবীতে কী প্রভাব এসেছে? যে সংখ্যক মানুষ আর ব্যবসায়ের উপর এর প্রভাব পড়ছে আর এসবের যা গুরুত্ব তা ফেইসবুক ছাড়া অন্য কারো সঙ্গে মেলানো অনেক কঠিন।”
মানুষ আর সহযোগিতা এই সোশাল নেটওইয়ার্কের আর একটি বড় বিষয় বলেও জানান তিনি।
“এখানে বিভিন্ন ধরনের মেধাবী মানুষ আছেন।আপনি যে কোনো সমস্যা নিয়েই কাজ করুন না কেন এখানে আপনি ওই বিষয়ে বিশ্বের সবচেয়ে পারদর্শীদের মধ্যে একজনকে পেয়েই যাবেন”, মন্তব্য এই ফেইসবুক কর্মীর।
