স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কংগ্রেসে গুগল
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সামনে নিরাপদ ও কার্যকরী স্বয়ংক্রিয় গাড়ি উদ্ভাবনে নিজেদের প্রচেষ্টা উপস্থাপন করবেন টেক জায়ান্ট গুগলের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের প্রধান আর স্বয়ংক্রিয় গাড়িখাতের নির্বাহী কর্মকর্তারা।
দেশটির সিনেট কমার্স কমিটির চেয়ারম্যান ও সাউথ ডেকোটা-এর রিপাবলিকান সদস্য জন থিউন জানান, অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর গুগল ইউনিটের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন ১৫ মার্চ তাদের উপস্থাপনা তুলে ধরবেন।
সেই সঙ্গে ‘স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তির অগ্রগতি এবং আমেরিকানদের জন্য এর প্রতিক্ষিত সুযোগ-সুবিধা’ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে সেখানে জেনারেল মোটর্স, ডেলফি অটোমোটিভ পিএলসি আর যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান লিফট ইনকর্পোরেটেড-এর নির্বাহীরাও উপস্থিত থাকবেন।
জানুয়ারিতে জেনারেল মোটর্স জানায়, তারা স্বয়ংক্রিয় গাড়ির সঙ্গে যাত্রী সেবা প্রদানের জন্য চাহিদা সাপেক্ষে নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে। এজন্য লিফট-এ ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানিয়েছে তারা।
বড় গাড়ি-নির্মাতা প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় গাড়ি উৎপাদন ও বাজারজাত করার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করলেও তাদের অভিযোগ, অঙ্গরাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বিধান সেগুলোর পরীক্ষা এবং বিস্তৃতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
অবশ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনস্ট্রেশন (এনএইচটিএসএ) জানায়, স্বয়ংক্রিয় গাড়ির উন্নয়নের বৃহত্তর স্বার্থে তারা যানবাহন নিরাপত্তা বিধান সামান্য শিথিল করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির যোগাযোগ সচিব অ্যান্থনি ফক্স জানিয়েছিলেন, ছয় মাসের মধ্যে নিরাপত্তা নীতিমালা নির্ধারণকারীরা স্বয়ংক্রিয় গাড়ির জন্য নীতিমালা তৈরি করবেন।
১৪ ফেব্রুয়ারি গুগলের একটি স্বয়ংক্রিয় গাড়ি ক্যালিফোর্নিয়ায় একটি মিউনিসিপ্যাল বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। এই বিষয়ে নিজেরা ‘কিছু দায়িত্ব’ নেবেন বলে জানাইয় গুগল।
