২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞার চাপে চীনা জেডটিই

যুক্তরাষ্টের আরোপিত নতুন নীতিমালার কারণে, কাঁচামাল যোগান দেওয়ার ক্ষেত্রে সরবরাহকারীদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ খাতের পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে ব্যবসায় থাকা নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলে যুক্তরাষ্টের বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠানটির রপ্তানির উপর বিধিনিষেধ আরো জোরদার করে। এর একদিন পরই এমন সংবাদ প্রকাশ হল। এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সরবরাহ চেইন বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে জেডটিই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের বুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি জেডটিই, জেডটিই ক্যাংজুন টেলিকমিউনিকেশনস লিমিটেড, জেডটিই পার্সিয়ান অ্যান্ড বেইজিং ৮-স্টার ইন্টারন্যাশনাল-কেও তাদের নতুন নিয়মের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকায় অন্তর্ভূক্ত করেছে। যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সরবরাহকারীদের যতো দ্রুত সম্ভব লাইসেন্স করতে হবে। অন্য কোনো দেশের কাঁচামাল সরবরাহকারীরা অবশ্য এর আওতামুক্ত।

জেডটিই চেয়ারম্যান হউ ওয়েইগুই এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা এবং পরিচালনার ওপর ভিত্তি করে এই বিধিনিষেধ এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে।” তিনি আরো বলেন, “এই ঘোষণার দিন থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি বিভাগকে এই তদন্তে সহায়তা করে আসছে এবং করে যাবে আর এর সমাধান খোঁজার জন্য তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে আসছে।”

তবে, জেডটিই’র ওপর রপ্তানি বিধিনিষেধ আরোপ করার ফলে খেপেছে চীন সরকার। এই নিষেধাজ্ঞার 'বিরোধিতায় অটল' থাকলেও, তারা কোনো পাল্টা জবাব দেয়নি।

বাণিজ্য বিভাগের আরোপিত প্রায় সামগ্রিক রপ্তানী-নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেডটিই বৃহত্তম বলে জানিয়েছে রয়টার্স। আইডিসি-এর তথ্য অনুযায়ী জেডটিই ৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে অ্যাপল, স্যামসাং ও এলজি-এর পরে যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রধান স্মার্টফোন সরবরাহকারী।