২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তথ্যপ্রযুক্তিতে নারী নয় শতাংশ

দেশে তথ্যপ্রযুক্তি সেক্টরে নারীদের অংশগ্রহন নয় শতাংশ। উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ এরও এক তৃতীয়াংশ, অর্থাৎ তিন শতাংশ। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এক আয়োজনে দেশে সফটওয়্যার ও এবিষয়ক সেবা সেক্টরের শীর্ষ সংগঠন বেসিস এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

দেশের নারীদের প্রযুক্তি ব্যবসায় আগ্রহী করে তুলতে উইমেন ইন ডিজিটাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ডিজিটাল ইনোভেশন ফর উইমেন ২০১৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসিস সভাপতি জানান, তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বেসিস উইমেন্স ফোরাম গঠন করা হয়েছে।

“আগামী ২ বছরে আমরা যে ২৩ হাজার দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছি সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমার মন্ত্রণালয়ের সকল কাজ এখন অনলাইনে হচ্ছে। বিভিন্ন প্রকল্পের জন্য আমরা নারীদের খুঁজছি।”

বিশেষ অতিথি বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “আমাদের সদস্য কোম্পানিগুলোয় মাত্র ৯ শতাংশ নারী কাজ করে। আর উদ্যোক্তা হিসেবে রয়েছে মাত্র ৩ শতাংশ নারী।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি সেলিমা আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএম-এর এসএমই ফ্যাকাল্টি কনসালট্যান্ট সুকোমল সিনহা চৌধুরী এবং বিডিজবস প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. রিজওয়ান খান।

গত ২৮ জানুয়ারি থেকে ডিজিটাল ইনোভেশন ফর উইমেন শীর্ষক প্রতিযোগিতা শুরু হয়। এতে ৪৯টি প্রকল্প নিয়ে সারাদেশের ২৪৮ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ে বিচারের মাধ্যমে শীর্ষ তিন উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়। এতে শীর্ষস্থান অধিকার করে ‘ফুড হান্ট’ শীর্ষক প্রকল্প। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয় যথাক্রমে ‘এ আর কিডস’ ও ‘ব্রেক ফ্রি’ প্রকল্প। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রযুক্তিবান্ধব নারী উদ্যোক্তা তৈরি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।