অভিবাসন: ওবামার পাশে প্রযুক্তিনেতারা
অভিবাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা'র নির্বাহী ক্ষমতা প্রয়োগের বিষয়ে আদালতে বিচারাধীন এক শুনানিতে, ওবামাকে সমর্থন জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্যাক্তিবর্গ।
তাদের মধ্যে ছিলেন লিংকডইন সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান, সিলিকন ভ্যালি'র সুপার অ্যাঞ্জেল হিসেবে খ্যাত মার্কিন 'অ্যাঞ্জেল ইনভেস্টর' রন কনওয়ে, পেপাল সহ-প্রতিষ্ঠাতা ও আর্থিক প্রতিষ্ঠান অ্যাফফার্ম প্রধান ম্যাক্স লেভচিন ও ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গসহ আরও অনেকে। সব মিলিয়ে এ সমর্থনকারীর সংখ্যা ৬০ জন বলে নিজের দেওয়া এক ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন জাকারবার্গ।
২০১৪ সালে 'ডেফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অফ আমেরিকানস অ্যান্ড ল'ফুল পারমানেন্ট রেসিডেন্টস' আর 'ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস প্রোগ্রাম' নামের দুটি আদেশে সই করেন ওবামা। এই প্রকল্পদুটির মাধ্যমে মার্কিন নাগরিকদের পিতামাতারা এবং যেসব অভিবাসী শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা দেশ থেকে বিতাড়িত হওয়ার কোনো ভয় ছাড়াই বসবাস করতে পারবেন।
এর পরিপ্রেক্ষিতে টেক্সাস ও আরও ২৫টি অঙ্গরাজ্য এই প্রকল্পদুটি স্থগিত করতে মামলা দায়ের করে। ওই মামলায় মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতা ছাপিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়। এই আবেদনে সাড়া দেয় দেশটির ফেডারেল আদালত, আর প্রকল্পদুটিতে স্থগিতাদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে দেশটির প্রশাসন। চলতি বছর ১৮ এপ্রিল এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো অভিবাসীর দেশটিতে বসবাসের বিষয়টি এই শুনানির রায়ের উপর নির্ভর করছে।
শেষ এক যুগে, যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা উন্নত-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ২৫ শতাংশই অভিবাসীদের চালু করা বলেও তারা যুক্তি দেখিয়েছেন।
এ বিষয়ে ৯ মার্চ নিজের স্ট্যাটাসে জাকারবার্গ বলেন, “কেউ শরণার্থী হোক, অনিবন্ধিত অভিবাসী হোক বা সংখ্যালঘু হোক না কেন, আমি আশা করি আমাদের এই জ্ঞান আছে যে আমরা বুঝতে পারব, এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে সবাইকে একত্র করা, আলাদা করা নয়।”
তিনি আরও বলেন, “আমরা অভিবাসীদের জাতি। আমরা একটা বিশ্ব। আর আমরা সবাই সংযুক্ত। এই শিশু আর মানুষদের স্বাগত সবাইকে একত্র চেষ্টা করতে আমাদের মধ্যে মানবতা থাকা উচিত-- আর এটাই আজ আমরা সুপ্রিম কোর্টে বলেছি।”
