বায়ু দূষণ ফুটবলারদের বাজে খেলায়
মাঠে কোনো ফুটবল দলের খারাপ খেলার কারণ কী হতে পারে? দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতা, ভুল সিদ্ধান্ত, কৌশলগত ভুল ইত্যাদি। কিন্তু যেখানে খেলা হচ্ছে সে অঞ্চলের বায়ুর গুণগত মান খারাপ হওয়াটাও কি কারণের তালিকায় আসতে পারে? নতুন এক গবেষণায় প্রশ্নের জবাবটা ‘হ্যাঁ’ বোধকই এসেছে।
দেশের বাইরে বিভিন্ন মাঠে খেলা শীর্ষমানের ফুটবল খেলোয়াড়দের নিয়ে পরীক্ষার মাধ্যমে একদল জার্মান বিজ্ঞানী এই গবেষণা চালিয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ১২ বছর ধরে ৩২টি ভিন্ন স্টেডিয়ামে প্রায় ৩ হাজার খেলা নিয়ে 'গভীর গবেষণা' করার পর এমন সিদ্ধান্ত দিয়েছে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ লেবার ইন বন’-এর গবেষকরা।
ওই গবেষণায় জানা যায়, বায়ু দূষণের পরিমাণ এক শতাংশ বেড়ে গেলে, একটি খেলায় একজন খেলোয়াড়ের বল পাস করার সংখ্যা গড়ে দশমিক ২ শতাংশ কমে যায়।
খেলায় খেলোয়াড়দের অবস্থানভেদে এই প্রভাবের কিছুটা তারতম্য হতে পারে। খেলায় ‘সবচেয়ে বেশি সংশ্লিষ্ট থাকায়’ আর ‘বেশি পাস সম্পন্ন করার’ কারণে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে বলে জানিয়েছেন গবেষকরা।
দূষণের নেতিবাচক প্রভাবটা বয়সের সঙ্গেও জড়িত। বিশেষ করে ত্রিশ বা তার চেয়ে বেশি বয়সের খেলোয়াড়দের উপর এ প্রভাব বেশি হয়ে থাকে।
সমাজে বায়ু দূষণের প্রভাব অনেক বিস্তৃত বলেও জানিয়েছেন হাতে কাজ করতে এমন কম-দক্ষতার কাজে নিয়োজিত কর্মীদের জন্য এই দূষণ অনেক বেশি ক্ষতিকর বলে জানিয়েছেন তারা।
গবেষণা প্রতিবেদনে তারা বলেন, “আমাদের বিশ্লেষণে লক্ষণীয় যে পরিবেশ দূষণের পরিণতি শুধু জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলাতেই সীমাবদ্ধ নয়। এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতে হওয়া মাঝারি আকারের দূষণের কারণেও কিছু পেশাদার ফুটবলার, তরুণ ও পুরুষ অ্যাথলেটদের উপর নেতিবাচক প্রভাবে তাদের উৎপাদনশীলতা কমে যায়।”
প্রতি বছর দূষণের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন-কে ৪৬০০ কোটি থেকে ১৫৪০০ কোটি পাউন্ড খরচ করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।
চলতি মাসের পরে যুক্তরাজ্যের ব্রিটনে অনুষ্ঠিতব্য রয়্যাল ইকোনোমিক সোসাইটি-এর বার্ষিক সম্মেলনে উপস্থাপন করার লক্ষ্যে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
