ভাবনায় চলবে হুইলচেয়ার!
মস্তিষ্কের সাহায্যে হুইলচেয়ার চালানো যাবে এমন অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এর মাধ্যমে চোখের পাতা ফেলতেও অক্ষম এমন শারীরিক প্রতিবন্ধীরাও সহজে হুইলচেয়ার ব্যবহার করতে পারবেন বলেই জানিয়েছেন ডিউক ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট মিগুয়েল নিকোলেলিস।
এ প্রক্রিয়ায় সরাসরি মস্তিষ্কে ইনট্রাক্রানিয়াল ইমপ্ল্যান্টের মাধ্যমে নিউরাল সিগনাল ব্যবহারের মাধ্যমে যান্ত্রিক হুইলচেয়ার চালনা করা সম্ভব হবে। এ প্রসঙ্গে নিকোলেসিস বলেছেন, “তাদের জন্য ইইজি-এর মতো ‘নন-ইনভ্যাসিভ’ প্রক্রিয়ায় পরিচালিত হুইলচেয়ার বা ডিভাইসের ব্যবহার যথেষ্ট না-ও হতে পারে। আমরা স্পষ্টভাবেই দেখিয়েছি, ইনট্রাক্রানিয়াল ইমপ্ল্যান্টের সাহায্যে আরও দক্ষতার সঙ্গে হুইলচেয়ার চালানো সম্ভব।”
প্রযুক্তিটি পরীক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে রেসাস ম্যাকাক প্রজাতির বানর ব্যবহার করা হয়েছে। ওই পরীক্ষায়, বানরের মস্তিষ্কের কার্যক্রম ও অনুভূতির সঙ্গে জড়িত বিশেষ দুটি অংশের নিউরোনাল তরঙ্গ রেকর্ড করা এবং সেগুলোর সাহায্যে বানরগুলোকে খাবারের দিকে হুইলচেয়ার চালাতে উৎসাহিত করা হয়েছিল।
পরবর্তীতে দেখা গেছে, বানরগুলো ক্রমাগত এ কাজে আরও দক্ষ হয়ে উঠছে এবং মস্তিষ্কের অসাধারণ অনুধাবন ক্ষমতা ও নমনীয়তার কারণেই এটি সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন নিকোলেলিস।
