অ্যাপলের পক্ষের রায় পুনঃবিবেচনার আবেদন
নিউ ইয়র্কে মাদকবিষয়ক মামলায় অ্যাপলের পক্ষে দেওয়া রায় পুনঃবিবেচনার আবেদন জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ম্যাজিস্ট্রেট বিচারক জেমস অরেন্সটেইন ওই মামলার রায়ে জানিয়েছিলেন, ‘অল রিটস অ্যাক্ট’-এর অধীনে বিচার বিভাগ টেক জায়ান্ট অ্যাপল-কে আইফোন আনলকে বাধ্য করতে পারবে না।
ওই রায়ে আরও বলা হয়েছিল, বিচার বিভাগের আবেদন মঞ্জুর করলে তা “সংবিধানের মূলনীতি লংঘন করবে”। মার্চের ৭ তারিখ ওই মামলায় সরকার পক্ষ উচ্চ আদালতে নিজ দাবির পক্ষে যুক্তি প্রদর্শন করেছে বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। সরকার পক্ষ নিজ যুক্তিতে জানিয়েছে, ‘অল রিটস অ্যাক্ট’-এর অধীনে অ্যাপলকে ফোন আনলকে বাধ্য করা হয়েছিল তা ওই রায় থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে।
এ ছাড়াও যুক্তি হিসেবে জানানো হয়েছে যে, নিউ ইয়র্ক-এর মামলাটির সঙ্গে জড়িত আইফোনটি পুরনো অপারেটিং সিস্টেমে চালিত, এর আগেও বিভিন্ন সময়ে অ্যাপল ওই অপারেটিং সিস্টেমগুলো তদন্তের স্বার্থে ভেঙেছে। অন্যদিকে এ প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, তারা অরেন্সটেইন-এর জারিকৃত রায়ের সঙ্গে একমত।
নিউ ইয়র্ক মামলার আইফোনটির মালিক ‘মিথঅ্যাম্ফিটামিন’ বিতরণ ষড়যন্ত্রের অপরাধে অভিযুক্ত জুন ফেং। ওই মামলার অন্য অপরাধীদের শনাক্ত করার উদ্দেশ্যে আইফোনটি আনলক করাতে অ্যাপলের শরণাপন্ন হয়েছে বিচার বিভাগ। ফেং-এর আইফোনটির অপারেটিং সিস্টেম আইওএস ৭ এবং এটির এনক্রিপশন সিস্টেম স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিযোয়ান ফারুক-এর আইফোন থেকে ভিন্ন।
মামলাটি যাতে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক মার্গট ব্রডি পরিচালনার করেন সে অনুরোধও জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
