'আইএস' থাকলেই টুইটার অ্যাকাউন্ট খতম!
‘অজ্ঞাত’ যেসব অ্যাকাউন্ট থেকে ইসলামিক স্টেট-কে সমর্থন যোগানো হচ্ছে, সেগুলো নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
এদিকে ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার পর হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন ‘অ্যানোনিমাস’ #OpISIS নামের একটি হ্যাশট্যাগ তৈরি করে। 'আইএস' যুক্ত আছে এমন কয়েকশ’ অ্যাকাউন্ট চিহ্নিত করে তারা। এভাবে তারা আইএস মোকাবেলায় কার্যত টুইটারকেই সহায়তা করছিল। কিন্তু এখন তাদের অ্যাকাউন্টগুলোই টুইটার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
ওয়াউচুলা ঘোস্ট নামের এক প্রচারণাকর্মী জানান, ফেব্রুয়ারি মাসে তার টুইটার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যারা ওই হ্যাশট্যাগটি ব্যবহার করছেন তারা সবাই এই সমস্যার স্বীকার হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
''আমি বলতে পারি টুইটার এই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করছে হয়রানির জন্য'' —বলেন তিনি।
এই অভিযোগ নিয়ে টুইটারের কোনো মতামত পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কাই নিউজ।
'জঙ্গি হামলার হুমকি অথবা প্রচার চালায় এবং প্রাথমিকভাবে আইএস-এর সঙ্গে সম্পর্কিত' এই অভিযোগে প্রায় ১ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। কিন্তু ওয়াওচুলা ঘোস্ট-এর দাবি, তারাই সত্যিকার অর্থে আইএস বিরোধী প্রচারক।
তিনি বলেন, “একটু ভেবে দেখুন- যোগাযোগ মাধ্যমগুলোতে যদি আইএস বিরোধী প্রচারণা বন্ধ করে দেয়া হয় তাহলে টুইটার জঙ্গিবাদীতে পূর্ণ হয়ে যাবে।”
