স্ক্রিনশট: উবার-এ হাজারো ‘ধর্ষণ’ অভিযোগ!
২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের অগাস্ট পর্যন্ত পাঁচটি ধর্ষণের অভিযোগ পেয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার।
প্রতিষ্ঠানটি জানায়, সে সময় উবারের সেবা গ্রহণ করে ৫০ কোটি যাত্রা সম্পন্ন হয়েছে। সে হিসাবে অভিযোগের সংখ্যাটা ০.০০০০০০৯ শতাংশ। আর 'যৌন হেনস্থার বৈধ অভিযোগ' রয়েছে এমন মেসেজের সংখ্যা ১৭০টি।
বিবিসি জানিয়েছে, নিউ ইয়র্কভিত্তিক অনলাইন মিডিয়া প্রতিষ্ঠান বাজফিডের হাতে উবারের ‘কাস্টমার সাপোর্টে’ পাঠানো মেসেজ স্ক্রিনশট পৌঁছালে উবার উল্লিখিত সংখ্যা প্রকাশ করেছে। বাজফিডের প্রকাশ করা ওই স্ক্রিনশটে দেখা যায় প্রতিষ্ঠানটির কাছে ধর্ষণের অভিযোগ এসেছে প্রায় ৫,৮০০ আর ৬ হাজার ১শ'রও বেশি যৌন হেনস্থার অভিযোগ এসেছে। তবে স্ক্রিনশটে থেকে পাওয়া ওই সংখ্যাকে ‘পুরোপুরি হতবুদ্ধিকর’ বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।
বাজফিডের প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, একজন সাপোর্ট সেন্টার এজেন্ট উবারের গ্রাহক সংবাদদাতারা ডেটাবেস থেকে 'ধর্ষণ', 'যৌন হেনস্থা' এর মতো শব্দ সার্চ করছেন। ফলাফলে, প্রায় ৫ হাজার ৮শ'র বেশি ধর্ষণের অভিযোগ আর ৬ হাজার ১শ'রও বেশি যৌন হেনস্থার কনটেন্ট আসে। সেখানে কিছু ইমেইলও পাওয়া যায়, এগুলো বর্ণনায় লেখা ছিল, ‘চালক আমাকে যৌন হেনস্থা করেছে’।
এক ব্লগপোস্টে উবার মন্তব্য করেছে— ‘সংখ্যাটি বাড়িয়ে বলা হয়েছে’। ‘রেট’ আর ‘রেইপ’ শব্দদুটির মধ্যে মাঝে মাঝে ভুল বানান হয়ে যাওয়া, উবারে ভ্রমণ করেননি এমন লোকদের অভিযোগও সার্চ রেজাল্টে দেখানো, যৌন হেনস্থা নিয়ে গ্রাহকদের করা প্রশ্নগুলো দেখানো- এমন বিষয়গুলোকে বাড়তি সংখ্যা দেখানোর কারণ হিসাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
“কোনো যাত্রী বলেছেন, “ড্রাইভার যেন আমার মানিব্যাগটিকে ধর্ষণ করেছে।”– এমন ঘটনা যা একেবারেই যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলোও ওই একটি শব্দের কারণেই ফলাফলে ভূমিকা রেখেছে।”- মন্তব্য উবারের।
তবে বাজফিড স্বাধীনভাবে গবেষণা করার জন্য তথ্য চাইলে উবার জানায়, “যদি আমরা তথ্য দেই তাহলে গ্রাহক এবং চালক উভয়েরই গোপনীয়তা নষ্ট হবে।”
উবার আরও জানায়, তারাই প্রথম প্রতিষ্ঠান যারা সবসময় নিজেদের ভুল স্বীকার করে। প্রতিষ্ঠানটি আরও বলে, “কিন্তু আমরা কঠোর চেষ্টা করছি যেন যাত্রীরা সবসময় নিরাপদ থাকে, নিরাপদে ভ্রমণ করতে পারে।”
“দুঃখের সাথে বলতে হচ্ছে যে, যোগাযোগের কোনো মাধ্যমই এখন ১০০ শতাংশ নিরাপদ নয়। দুর্ঘটনা ঘটেই।”
