ফেরায় ফের ব্যর্থ ফ্যালকন
দূরের একটি কক্ষপথে পাঠানোর উদ্দেশ্যে তৈরি একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণে সফল হয়েছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। কিন্তু বরাবরের মতো এবারও ফ্যালকন ৯ রকেটটি তার প্রথম পর্যায়ের অবতরণ সফলভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে, জানা গেছে ইয়াহু নিউজ থেকে।
লুক্সেমবার্গভিত্তিক প্রতিষ্ঠান এসইএস এর জন্য এসইএস-৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ বানায় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং। এই কৃত্রিম উপগ্রহটিকে ফ্লোরিডার কেইপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
উপগ্রহটি সফলভাবেই পৃথিবী থেকে ৪০,৬০০ কিলোমিটার উচ্চতায় তার কক্ষপথে পৌঁছে যায়। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের থেকেও প্রায় একশো গুন বেশি উচ্চতায় অবস্থিত। সেখান থেকে উপগ্রহটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রডব্যান্ড আর টেলিভিশন চ্যানেল পরিসেবা প্রদান করবে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।
উৎক্ষপণের পরে স্পেসএক্স তাদের রকেটটিকে আটলান্টিক মহাসাগরে ফ্লোরিডার পূর্ব তীর থেকে প্রায় ৩৭৫ মাইল দূরে ভাসমান একটি প্ল্যাটফর্মে অবতরণ করানোর চেষ্টা চালায়। ড্রোনশিপটির গায়ে বড় করে একটি ‘এক্স’ চিহ্ন ছিল। প্রচলিত ভাষায় ‘এক্স’ বলতে সাবেক প্রেমিক/প্রেমিকাকে বোঝায়। তবে, এর সঙ্গে লেখা ছিল “অফ কোর্স আই স্টিল লাভ ইউ”! কৌতুহলউদ্দীপক এবং রসবোধসম্পন্ন বাণীটি স্পেএক্সপ্রধান ইলন মাস্কের মাথা থেকেই এসেছে কী-না সে বিষয়ে নিশ্চিৎ হওয়া যায়নি।
সরাসরি প্রচার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আগে অস্পষ্ট ভিডিও ফুটেজটিতে উপরের বাঁ দিক থেকে একটি উজ্জ্বল আলোকরশ্মি ড্রোনশিপের দিকে আসতে দেখা যায়। রকেটটি অবতরণে ব্যর্থ হওয়ার পর স্পেসএক্স প্রধান ইলন মাস্ক টুইটারে বলেন, “রকেটটি ড্রোনশিপে আছড়ে পড়েছে। যদিও এটা কাজ করবে বলে আশা করিনি। তবে পরের ফ্লাইটটির ভালো সুযোগ রয়েছে।”
মাটিতে রকেটটি অবতরণ করতে ২০১৫ সালের ডিসেম্বরে একবার সফল হয় ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। কিন্তু মহাসাগরে অবতরণে প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি চেষ্টা ব্যর্থ হয়েছে।
স্পেসএক্স-এর অভিযান সমন্বয়কারী লরেন লিওন্স বলেন, “এবারের অবতরণের প্রচেষ্টাটি সত্যিকারের অর্থেই বেশ কঠিন হতে যাচ্ছে।” উপগ্রহটিকে মহাশূণ্যে পাঠাতে প্রচুর শক্তির দরকার হয় এবং উৎক্ষেপণের পরে রকেটটি ফিরে এসে সফল অবতরণের জন্য প্রয়োজনীয় জ্বালানী নাও পেতে পারে বলে জানিয়েছেন তিনি।
