ভারতে আশাবাদী শিয়াওমি
শিয়াওমি ফোন এর রেডমি নোট থ্রি ও এমআই ফাইভ বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করছে।
২০১৫ সালে কিছুটা চুপচাপ থাকলেও, চলতি বছর ভারতের বাজারে রেডমি নোট ৩ আর এমআই ৫ দিয়ে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি ভালো ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ এশীয় দেশগুলোর বাজারে নিজেদের নতুন মডেলের ফোনগুলো আনার পর অনেকটা আশাবাদী প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা প্রধান হিউগো বাররা বলেন, “আমি এটি (ভারতীয় ব্যবসা) নির্দিষ্টভাবে একটি বিষয়ের সঙ্গে যুক্ত করি। আমাদের সর্বশেষ বড় মাপের পণ্য ছিল এমআই৪আই যা ২০১৫ সালের এপ্রিলে বের করা হয়। কিন্তু ২০১৬ সালে বের করা রেডমি নোট ৩ আর এমআই ৫ সেই হারানো অনুভূতি মনে করিয়ে দিতে যাচ্ছে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে চীনে ১ কোটি ৬৮ লাখ মানুষ এমআই ৫-এর জন্য নিবন্ধন করেছে। এক মাসের মধ্যে এটি ভারতেও উন্মোচিত হয়ে যাবে। বৃহস্পতিবার ভারতে উন্মোচন করা হয়েছে শিয়াওমি নোট ৩। অ্যামাজন ইন্ডিয়া আর এমআই ডটকমে ৯ হাজার ৯শ' ৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে, জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া।
মোবাইল সফটওয়্যার ও সার্ভিসিং খাতে কিছু বিনিয়োগ বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে তিনি বলেন, “চীনে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগের পরিমাণটা এক লাখ ডলার আর প্রথম শ্রেণির বিনিয়োগ কয়েক শত কোটি ডলার পর্যন্ত হয়ে থাকে। ভারতেও বিনিয়োগ দুই ধরনেরই হবে।”
ভারতের বাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করার সঙ্গে, দেশটির বাজার খুব ধীরগতির বলেও মত দেন তিনি।
দেশটির অনলাইন বাজার নিয়েও ইঙ্গিত রাখেন তিনি। তার মতে, ভারত এবং চীন দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার। ওই দিন খুব একটা বেশি দূরে নয় যখন ভারতে অর্ধেকের বেশি স্মার্টফোন অনলাইনে বিক্রয় হবে।
