রোবটের জন্য নমনীয় চামড়া
উন্নত বিশ্বে বাড়ছে রোবটের ব্যবহার। চিকিৎসা, যানবাহন, কারখানা সবক্ষেত্রেই এখন রোবটের ব্যবহার লক্ষনীয় হারে বৃদ্ধি পাচ্ছে।
রোবটের ব্যবহার আরও এক ধাপ এগিয়ে নিতে নতুন ধরনের নমনীয় চামড়া তৈরি করেছে এক গবেষকদল। নতুন এই চামড়া চিকিৎসা, যানবাহন, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা এনে দেবে বলে মনে করছেন ওই গবেষকরা। নমনীয় এই চামড়াটি তার আসল আকারের তুলনায় ৬ গুণ বেশি সম্প্রসারিত হতে পারে। আর সম্প্রসারিত অবস্থায়ও এই 'ইলেকট্রোলুমিনেসেন্ট' চামড়া আলোর প্রতিফলন ঘটাতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।
নতুন এই চামড়াটি নরম রোবটের দেহের সঙ্গে সম্প্রসারিত হতে পারে। যার ফলে এটি রোবটের হাঁটাচলার সঙ্গে আকার পরিবর্তন করতে সক্ষম। এ বিষয়ে কর্নেল ইউনিভার্সিটি-এর রব শেফার্ড বলেন, "এটি রোবটকে রঙ এবং আকার পরিবর্তন করতে সহায়তা করবে।" তিনি আরও জানান, বর্তমানে রোবট আমদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাই মানুষের ভাব বোঝাটা রোবোটের জন্য গুরুত্বপূর্ণ। এর এই প্রযুক্তি আমাদেরকে সেইদিনেরই কাছে নিয়ে যাচ্ছে।
হাইপার-ইলাস্টিক লাইট-ইমিটিং ক্যাপাসিটর (এইচএলইসি) নামের এই চামড়াটি আগের সম্প্রসারণশীল পর্দার থেকে দ্বিগুণ সম্প্রসারিত হতে পারে। হাইড্রোজেল ইলেকট্রোড এবং ইনসুলেটিং ইলাস্টোমার শিটের দুটি লেয়ার দিয়ে এই চামড়াটি প্রস্তুত করা হয়েছে। চামড়াটিকে সম্প্রসারণ বা মোড়ানো হলে এটি লুমিনেন্স এবং ধারণক্ষমতা পরিবর্তন করে।
রোবট রোগীর তাপমাত্রা এবং হৃদস্পন্দন মাপছে এমনকি রোগীর ভাব অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে, খুব শীঘ্রই এই প্রযুক্তির মাধ্যমে এর বাস্তবরূপ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছে ওই গবেষকদল।
