এলজি নয়, পরের নেক্সাস এইচটিসির ঘরে!
স্মার্টফোনের বাজারে নেক্সাস ৪ এবং নেক্সাস ৫ স্মার্টফোনদুটিকে গুগলের সবচেয়ে বেশি সফল ফোন বলে চলে। গুগলের জন্য এই দুটি ফোনই তৈরি করেছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এমনকি সম্প্রতি বাজারে আসা স্বল্পমূল্যের নেক্সাস ৫এক্স-ও এলজি'রই তৈরি। তবে, নেক্সাসের সর্বশেষ প্রিমিয়াম ফোন ৬পি তৈরি করে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
নেক্সাস ডিভাইস বানিয়ে ভালো সফলতা পাওয়া সত্ত্বেও পরবর্তী নেক্সাস বানাতে আগ্রহ নেই এলজির। মার্কিন প্রযুক্তি সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের বার্সেলোনায় সদ্য সমাপ্ত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে এলজির এক কর্মকর্তা জানান, আপাতত নেক্সাসের পরবর্তী উত্তারাধিকার বানানোর কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। তিনি বলেন, “নেক্সাস ডিভাইসে অনেক বেশি 'রিসোর্স' দরকার, যা আমাদের নিজেদের ফোনে আরও বেশি ভালো হতে পারে।”
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ফোন এলজি জি৫ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। স্লাইডের সাহায্যে প্রতিস্থাপনযোগ্য ব্যাটারি এবং অন্যান্য সংযোজন ফিচারের জন্য ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে এই ফোনটি।
এখন প্রশ্ন উঠতে পারে, নেক্সাসের পরবর্তী ফোন কে বানাবে? পরবর্তী নেক্সাস ফোন তাইওয়ানিজ মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি বানাতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর নতুন এই ফোনটিতে ৩ডি টাচ ফিচার যুক্ত করা হবে বলেও জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
শুধু এইচটিসিই নয় মেইজু, শিয়াওমি, অপপো এবং ভাইভের মতো মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও তাদের পরবর্তী ডিভাইসে ৩ডি টাচ ফিচার যুক্ত করবে বলে শোনা যাচ্ছে। নতুন এই থ্রিডি টাচ জনপ্রিয়তা পেতে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
আইফোন ৬এস এবং আইপ্যাড প্রো-তে প্রথম থ্রিডি টাচ আনে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে, শুধু অ্যাপলই নয় হুয়াওয়ের ফোনেও এই একই ধরনের ফিচার ইতোমধ্যে দেখা গিয়েছে। স্যামসাং এর ফোনেও এই থ্রিডি টাচ থাকার আশা করা হলেও, শেষ পর্যন্ত গ্যালাক্সি এস৭ সিরিজে এই ফিচার যুক্ত করেনি প্রতিষ্ঠানটি।
