হ্যাকারদের লক্ষ্য অ্যাপল ব্যবহারকারীরা
টেক জায়ান্ট অ্যাপলের ম্যাকিনটশ কম্পিউটারের বিরুদ্ধে চালানো প্রথম প্রচারণায় হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন অ্যাপল গ্রাহকরা। এ কাজে হ্যাকাররা র্যানসমওয়্যার ব্যবহার করছে, রয়টার্সকে এমনটাই জানিয়েছেন পালো অল্টো নেটওয়ার্কস ইনকর্পোরেটেড-এর গবেষকরা।
র্যানসমওয়্যার হচ্ছে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সাইবার হুমকিগুলোর অন্যতম। এর মাধ্যমে আক্রান্ত ডিভাইসের ডেটা হাতিয়ে নিয়ে এনক্রিপ্ট করে ফেলা হয় যা আর মূল মালিক ব্যবহার করতে পারেন না। সাধারণত, কোনো ডিভাইস আক্রমণের পর অপরাধীরা ডেটা ফিরিয়ে দিতে ডিজিটাল মুদ্রার মাধ্যমে আক্রান্তের কাছ থেকে মুক্তিপণ চেয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাইবার অপরাধীরা কোটি ডলার পর্যন্ত মুক্তিপণ চেয়ে থাকে আর অধিকাংশ সময় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকেন।
সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ‘পলো অল্টো থ্রেট ইন্টেলিজেন্স’-এর পরিচালক রায়ান অলসন জানান, ‘কেরেঞ্জার’ নামের ম্যালওয়্যারটি অ্যাপলের ম্যাক কম্পিউটারকে আক্রমণকারী প্রথম কার্যকর র্যানসমওয়্যার। এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “এটাই প্রথম, যেটা নিঃসন্দেহে কার্যকর এবং আপনার ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে।”
পলো অল্টো থ্রেট ইন্টেলিজেন্স তাদের ব্লগে আরো জানায়, ‘কেরেঞ্জার’ কম্পিউটারকে সংক্রমিত করার পর তিনদিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকে। তারপর ব্যবহারকারীর সার্ভারে সংযোগের মাধ্যমে তারা ফাইল এনক্রিপ্ট করা শুরু করে। এনক্রিপশন সম্পন্ন হওয়ার পরে তারা ১ বিটকয়েন যা বর্তমান বাজারে প্রায় ৪০০ মার্কিন ডলার সমপরিমান মুক্তিপণ দাবী করে বলে ব্লগটি জানায়।
এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা ‘বিটটরেন্ট’ নামের একটি পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা আদান প্রদান করা ‘ট্রান্সমিশন’ নামের প্রোগ্রামের একটি ত্রুটিপূর্ণ কপি দিয়ে ম্যাক কম্পিউটারগুলো সংক্রমিত করে। যখন ব্যবহারকারীরা শুক্রবার বের হওয়া ট্রান্সমিশন-এর ২.৯০ সংস্করণটি ডাউনলোড করেন, তখনই তাদের ম্যাক এই র্যানসমওয়্যার দিয়ে আক্রান্ত হয়। আক্রান্ত ম্যাক ব্যবহারকারীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে এক বিটকয়েন দাবি করা হয়েছে বলে ও ব্লগে জানানো হয়েছে।
অ্যাপলের একজন প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানটি ওই সফটওয়্যার অনুমোদনকারী একটি ডিজিটাল সার্টিফিকেট প্রত্যাহার করে আক্রমণ প্রতিরোধ করতে পদক্ষেপ নিয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত জনাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
অন্যদিকে ট্রান্সমিশন জানিয়েছে, তারা তাদের ওয়েবসাইট থেকে ওই সফ্টওয়্যারের ত্রুটিপূর্ণ সংস্করণটি সরিয়ে নিয়েছে। পরে নিজে থেকেই সংক্রমিত ম্যাক কম্পিউটারগুলো থেকে র্যানসমওয়্যার মুছে দেয়, এমন আরেকটি সংস্করণ বের করেছে তারা। সেই সঙ্গে ব্যবহারকারীদের সতর্কতার জন্য অবিলম্বে নতুন সংস্করণ ২.৯২ ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
অলসন আরো জানান, সংক্রমিত যে কম্পিউটারগুলো ঠিক করা হয়নি, সেগুলো ‘ট্রান্সমিশন’ এর সাইটে ভাইরাস সংক্রমণের তিনদিন পর, অর্থাৎ সোমবার তাদের তথ্য অ্যাকসেস করার ক্ষমতা হারাতে শুরু করতে পারেন।
এ বিষয়ে কথা বলার জন্য ট্রান্সমিশনের কোন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
