২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণসাজে অ্যাপল

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-কে যেকোনো ব্যবসায়িক আইনি জটিলতা থেকে রক্ষার জন্য পাঁচশ’ জনেরও বেশি আইনজীবি রয়েছেন। এতদিন বিষয়টি পরিষ্কারভাবে জানা না থাকলেও, ৪ মার্চ অ্যাপলের শীর্ষ আইনজীবি ব্রুস সোয়েল তথ্যটি জানিয়েছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সাবেক প্রধান নির্বাহী ও অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সময় থেকেই অ্যাপলের আইনজীবি হিসেবে কাজ করছেন সোয়েল। দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং যে নিজেদের গ্যালাক্সি স্মার্টফোনে আইফোনের ‘পেটেন্ট’ নকল করেছে, সেটি সরাসরি স্যামসাং নির্বাহীদের জানানোর জন্য সে সময় দক্ষিণ কোরিয়াও ঘুরে এসেছিলেন এই আইনজীবি।

পরবর্তী ঘটনা প্রায় সবারই জানা, এখন পর্যন্ত থামেনি অ্যাপল-স্যামসাংয়ের আইনি লড়াই। আর তাই অনুমান করা হচ্ছিল, সান বার্নার্ডিনো ও আইফোন আনলক-কে কেন্দ্র করে সরকারের সঙ্গে সৃষ্ট লড়াইয়েও অ্যাপল আইনজীবিদের নেতৃত্ব থাকছেন সোয়েল। কিন্তু সমস্যা হচ্ছে সোয়েল-এর ব্যবসায়িক আইন ও অ্যাপল-গ্রাহক সম্পর্কে যেরকম ভালো দখল রয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের ব্যাপারে সেরকমটা নেই।

আর তাই এই লড়াইয়ে অ্যাপলের পক্ষে লড়ার জন্য দক্ষ আইনজীবি খুঁজে বের করে, তাদের নিয়োগ করেছেন সোয়েল। এই আইনজীবিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সলিসিটর জেনারেল টেড অলসন, লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের দক্ষ মিডিয়া আইনজীবি হিসেবে পরিচিত থিওডোর বোট্রাউস।

বিজনেস ইনসাইডার-এর তথ্য অনুযায়ী, নতুন নিয়োগ করা অন্যান্য আইনজীবিদের চেয়ে ৪৪ বছর বয়সী মেধাস্বত্ত্ব সম্পদবিষয়ক আইনজীবি মার্ক জুইলিঙ্গার-এর উপরই ব্যক্তিগতভাবে বেশি নির্ভর করছেন সোয়েল। এর পেছনে দুটি কারণ রয়েছে।

প্রথমটি হচ্ছে, এক সময় এফবিআই এজেন্টদের ডিজিটাল ফরেনসিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করেছেন জুইলিঙ্গার। আর দ্বিতীয়টি হচ্ছে, এর আগেও প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে সরকারের সঙ্গে লড়ার অভিজ্ঞতা রয়েছে এই আইনজীবির। সে সময় ইয়াহু-এর পক্ষ নিয়ে এনএসএ-এর বিরুদ্ধে লড়েছিলেন তিনি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সাল থেকেই অ্যাপলের সঙ্গে কাজ করছেন জুইলিঙ্গার এবং সম্প্রতি সৃষ্ট ইসু নিয়ে প্রতিদিন হয় কথোপকথন, না হয় টেক্সট বা ইমেইলের মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন সোয়েল ও জুইলিঙ্গার।