২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরচর্চায় হবে কাপড় পরিষ্কার!

দৈহিক অনুশীলনের সঙ্গে সংসারের টুকিটাকি কাজ সেরে ফেলতে চান? আর তাতে যদি বাড়তি বিদ্যুৎ পাওয়া যায়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

যদি তা-ই হয় তবে, চীনের ডালিয়ান ন্যাশনালিটিস ইউনিভার্সিটি-এর ছাত্রদের বানানো ‘বাইক ওয়াশিং মেশিন’ নামের যন্ত্রটিকে সম্ভবত সবাই বাহাবা দেবেন।

ব্যস্ততার এই যুগে হাতে সময়ের পরিমাণ এত কম থাকে যে ঘরের সব কাজ সেরে, নিজেকে ফিট রাখতে একটু শরীরচর্চা করা অনেকের জন্যই দায় হয়ে দাঁড়ায়। নতুন এই যন্ত্র এই ক্ষেত্রে অনেকটা স্বস্তি এনে দিতে পারে, এমনটাই দাবী করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া'র এক প্রতিবেদনে।

নতুন এই বাইকের সহায়তায় ব্যবহারকারীরা তাদের দৈনিক শরীরচর্চার সঙ্গে ঝুড়িভর্তি করে রাখা ব্যবহৃত কাপড় পরিষ্কারের কাজটাও সেরে ফেলতে পারবেন। বাইকটির নির্মাতারা জানান, বাইকটি এমনভাবেই তৈরি করা হয়েছে যেন এটি চালালে যে শক্তি উৎপাদন করবে তা অন্য কাজে ব্যবহার করা যাবে। আর বাড়তি যে শক্তি উৎপন্ন হবে তা ডিসপ্লে স্ক্রিন চালাতে ব্যবহার করা যাবে। এ ছাড়া, পরে কোনো সময়ে ব্যবহার এর জন্য এই শক্তি সংরক্ষণও করে রাখা যাবে।

এই নতুন উদ্ভাবনী ধারণায় শারীরিক অনুশীলন আর কোনো রকম কার্বন উৎপন্ন ছাড়াই শক্তি উৎপাদন করে নোংরা জামাকাপড় সহজেই পরিষ্কার করাকে সমন্বয় করা হয়েছে।