ভার্চুয়াল রিয়ালিটি রোলার কোস্টার
ভার্চুয়াল রিয়ালিটি রোলার কোস্টার তৈরিতে স্যামসাংয়ের সুঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন পার্ক সিক্স ফ্ল্যাগ। নতুন এই চুক্তির মাধ্যমে ৯ টি পার্কে স্যামসাং গিয়ার ভিআর হেডসেটের মাধ্যমে রোলার কোস্টার রাইড উপভোগ করা যাবে। এই ৯টি পার্কের মধ্যে রয়েছে টেক্সাস, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসোউরি, নিউ ইয়র্ক এবং কুইবেক।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এই রোলার কোস্টার রাইডে আরোহীর চোখে ভিআর হেডসেট জুড়ে দেওয়া হবে। এরফলে আরোহী রোলার কোস্টারের থিম পার্কে রাস্তার স্টিল বিম দেখতে পাবেনা, এবং আরোহী নিজেকে শূন্যের মাঝে অনুভব করবেন। এ ছাড়াও এই রাইডের মাধ্যমে এলিয়েনের সঙ্গে যুদ্ধ করে, মহানগরীর মধ্য দিয়ে সুপারম্যানের সঙ্গে উড়ে যাওয়ার অনুভূতি পাওয়া যাবে।
কিছু কিছু রাইডে আরোহী ভার্চুয়াল ওয়ার্ল্ডে অস্ত্র ব্যবহার করে যুদ্ধ করতে পারবে। আর এটি রোলার কোস্টার রাইডকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।
গত বছরই গ্রাহকের জন্য প্রথম ভিআর হেডসেট আনে স্যামসাং। আর তখন থেকেই এই প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। আর এ বছরই স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজ প্রিঅর্ডারে হেডসেটটি বিনামূল্যে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছরের শেষদিকেই প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম ৩৬০ ডিগ্রি ক্যামেরা বিক্রি শুরু করবে। স্যামসাং এর এই ভিআর হেডসেটটি ফেইসবুকের মালিকানাধীন অকুলাস সফটওয়্যারের মাধ্যমে চালিত বলেও জানিয়েছে সিএনএন।
জার্মানীর ইউরোপা পার্কটিই প্রথম পার্ক যেখানে রোলার কোস্টারে স্যামসাংয়ের ভিআর প্রযুক্তি ব্যবহার করা হয়।
