২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যাতত্ত্বে ফুটবলের গোপন ভালোবাসা

ফুটবলের অন্ধভক্তরা প্রতি পাঁচ মিনিটে একবার তাদের প্রিয় ক্লাব নিয়ে দিবাস্বপ্নে মগ্ন থাকেন। আর প্রতি পাঁচজনের মধ্যে একজন প্রতি ঘন্টায় অন্তত একবার ভাবেন এই খেলা নিয়ে, এমনটাই জানা গেছে নতুন এক গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

গবেষণায় আরও জানা যায়, ব্রিটিশ ফুটবলভক্তরা প্রতি সপ্তাহে গড়ে চার ঘন্টা ফুটবলের খবরাখবর পাওয়ার জন্য ব্যয় করেন। আর কর্মক্ষেত্রে খেলার সর্বশেষ খবর নেওয়ার জন্য পনের মিনিটেরও বেশি সময় ইন্টারনেটে ব্যয় করেন, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

সার্চ ইঞ্জিন বিং-এর চালানো একটি গবেষণার সূত্রমতে, প্রায় এক-তৃতীয়াংশ ফুটবল পাগল লোক বিয়ের অনুষ্ঠানে থেকেও তাদের স্মার্টফোনে ম্যাচের ফলাফল দেখেছেন। এক-পঞ্চমাংশ কোনো ডিনার পার্টিতে থাকা অবস্থাতেও তাদের মোবাইলে ফোনে চোখ বুলিয়ে গেছেন আর প্রতি দশ জনের মধ্যে একজন সঙ্গীর সঙ্গে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে গোপনে খেলার ফলাফল অনুসন্ধান করেছেন।

এখানেই শেষ নয়, প্রতি ২০ জনের মধ্যে একজন যারা ফুটবল ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারেন না, তারা নিজেদের বিয়ের সময়ে বা কারো শেষকৃত্য অনুষ্ঠানেও খেলার ফলাফলের খবর নিয়েছেন।

অংশগ্রহণকারীদের এক চতুর্থাংশ জানিয়েছেন, তারা লুকিয়ে ফুটবলের খোঁজখবর রাখেন। গোপনীয়তার কারণ-- তাদের ভয় সঙ্গী বা সঙ্গিনী হয়তো ভাববেন তারা সম্পর্কের চেয়ে ফুটবলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

জরিপে লিভারপুল ফুটবল ক্লাবের ভক্তদের সবচেয়ে ‘নিবেদিত’ আর চেলসিভক্তরা ফুটবলের খবরাখবর নেওয়ার সময় সবচেয়ে বেশি গোপনীয়তা অবলম্বন করে থাকেন বলেও জানা যায়।

কেন এই গোপনীয়তা? জবাবটা ফুটবলের ভাষায়ই দিয়েছেন বিং-এর একজন মুখপাত্র। তিনি বলেন, “সম্পর্কের ক্ষেত্রে লাল কার্ড দেখা থেকে বাঁচতেই ভক্তদের এই গোপন অনুসন্ধান।”