২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে অ্যাপল

বছরের পর বছর এড়িয়ে চলার পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো অ্যাপল। গ্রাহকদের সমর্থন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার লক্ষ্যে টুইটারে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানার জন্যই @AppleSupport টুইটার অ্যাকাউন্টটি খুলেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যাপল কখনোই ফেইসবুক বা টুইটারের মতো কোনো সামাজিক মাধ্যমের তোয়াক্কা করেনি। বরং নিজের চ্যানেলের মাধ্যমেই গ্রাহকদের সহায়তা করে এসেছে প্রতিষ্ঠানটি।

অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানটি বলেছে, “আপনাদের চিরচেনা এবং বিশ্বস্ত অ্যাপল অ্যাডভাইজরের কাছ থেকে টিপস ও টিউটোরিয়াল নিন।” নতুন এই অ্যাকাউন্টটি চালু করার সঙ্গে সঙ্গে টুইটারে তাদের সাধুবাদ জানান অ্যাপলের ভক্তরা, এদের মধ্যর টুইটার প্রধান জ্যাক ডরসিও আছেন।

অ্যাপল ব্যবহারকারীরা ইতোমধ্যে নতুন এই অ্যাকাউন্ট থেকে সুবিধা গ্রহণ করা শুরু করেছেন। অ্যাকাউন্ট চালু হতে না হতেই এর ফলোয়ার সংখ্যা এক লক্ষ আঠারো হাজার ছাড়িয়ে যায়।

বৃহস্পতিবার সকালে ক্রিস পাওয়ার নামের এক টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেন, “@AppleSupport আমি আমার ফোন মেমরি থেকে কীভাবে কনটাক্ট নাম্বার মুছে ফেলব, যাতে আমি ভুল করে নাম্বার ডায়াল না করি? সেগুলো আমার অ্যাড্রেসবুকেও নেই।”

২ ঘণ্টারও কম সময়ে ক্রিসের এই প্রশ্নের জবাব দেয় অ্যাপল।

কিছু কিছু মানুষ সমস্যার সমাধান চাওয়ার বদলে অভিযোগও করেছেন। লোগান নামের এক ব্যাক্তি টুইটে বলেন, “হাই @AppleSupport, আপনাদের অ্যাপের ট্রেইলারগুলো একদম ভালো না।"

টুইটারে অ্যাপলের কোনো নিজস্ব কর্পোরেট অ্যাকাউন্ট নেই। তবে, ২০১৫ সালে গানের ট্র্যাক এবং প্লে-লিস্ট তৈরি করার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করার জন্যে @AppleMusicHelp নামের একটি অ্যাকাউন্ট চালু করেছিল এই টেক জায়ান্ট। এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টটির মোট ফলোয়ার সংখ্যা প্রায় আঠারো হাজার।