বিতর্কের মুখে এনক্রিপশন ফেরাল অ্যামাজন
ফায়ার ট্যাবলেটগুলোতে পুনরায় একটি এনক্রিপশন ফিচার যোগ করতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যামাজন।
আগে এই ট্যাবলেটগুলোতে এই ফিচার থাকলেও, এর অপারেটিং সিস্টেমে প্রতিষ্ঠানটির আনা সর্বশেষ সংস্করণে গ্রাহকদের না জানিয়েই এটি সরিয়ে ফেলা হয়। এরপর গ্রাহক আর প্রাইভেসি সমর্থকদের সমালোচনার মুখে পড়ে অ্যামাজন। এরই পরিপ্রেক্ষিতে এই ফিচার পুনরায় আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার রয়টার্স-কে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটির মুখপাত্র রবিন হ্যান্ডালি বলেন, "এই বসন্তে আনতে যাওয়া ফায়ার ওএস আপডেটে আমরা আবার 'ফুল-ডিস্ক এনক্রিপশন'-এর এই অপশন ফিরিয়ে আনব।"
ফায়ার অপারেটিং সিস্টেম থেকে এনক্রিপশন সরিয়ে নেওয়ার এই বিষয়টি চলতি সপ্তাহে আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব কম গ্রাহক এই ফিচার ব্যবহার করায়, সর্বশেষ ফায়ার ওএস সংস্করণে তারা এই ফিচার সরিয়ে ফেলেছে।
এই ফিচার আবার ফিরিয়ে আনতে যারা আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন 'বিখ্যাত' ক্রিপটোলজিস্ট ব্রুস স্নাইডার। অ্যামাজনের ফিচার সরানোর এই সিদ্ধান্তকে তিনি 'স্টুপিড' বলে আখ্যা দিয়েছেন।
সাম্প্রতিককালে এনক্রিপশন নিয়ে চলমান অ্যাপল-এফবিআই বিতর্কে আদালতে অ্যাপলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। এই লড়াইয়ে স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে এফবিআই-কে 'সহায়তা করার জন্য' অ্যাপলকে আইফোন আনলকের জন্য একটি 'ব্যাকডোর' বানিয়ে দেওয়ার আদেশ দিয়েছে আদালত। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অ্যাপলের পক্ষ নিয়েছে অ্যামাজনও।
