২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মোটরসাইকেল বুকিংয়ে উবার

মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুকিং সেবার জন্যই পরিচিত উবার। এই রীতির বাইরে এবার মোটরসাইকেল বুকিং সার্ভিস চালু করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ৩ মার্চ ভারতের বেঙ্গালুরুতে ‘উবারমোটো’ নামে মোটরসাইকেল বুকিং সেবা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন এই উবারমোটো মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যের জন্য মোটরসাইকেল বুক করা যাবে। আর সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে ৩ রুপি ভাড়া দিতে হবে গ্রাহককে। গ্রাহক নগদ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। আর আপাতত সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেবাটি পাওয়া যাবে।

ভারতে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠান এএনআই ইতিমধ্যেই একই দিনে একইধরনের সেবা দিতে শুরু করেছে। এক্ষেত্রে প্রতিকিলোমিটারে তাদের ভাড়ার হার ২ রুপি। বর্তমানে বেঙ্গালুরু বিশ্বের সবচেয়ে বেশি যানজটের শহর হিসেবে পরিচিত। আর সেই যানজটের কারণে ব্যায় হওয়া সময় কমাতেই এই সেবা চালু করেছে উবারমোটো।

গত বছরের ডিসেম্বরে দিল্লীতে উবারগো নামে গাড়ি সেবা দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এই সেবার মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকের সঙ্গে তার গাড়িটি শেয়ার করতে পারে। শহরের যানজট নিরসনে 'জোড় বিজোড়' লাইসেন্স আইন পাস করে দেশটির সরকার। এই আইনে জোড় সংখ্যার লাইসেন্সধারী গাড়ি একদিনে এবং বিজোড় সংখ্যার লাইসেন্সধারী গাড়ি আরেকদিনে রাস্তায় চলবে। তখনই উবারগো সেবাটি চালু করে উবার।

শহরে উবার মোটরসাইকেল আরোহীর সংখ্যা কত সে বিষয়ে প্রতিষ্ঠানটি কিছু জানায়নি। আর উবারের অন্যান্য সেবার মতই এখানেও জিপিএস ট্র্যাকিং এর মত সুরুক্ষা ফিচারগুলো থাকছে।