২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ফেইসবুকের ঘাড়ে ‘করের বোঝা’

প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিবর্তনের ফলে, যুক্তরাজ্যে আগের চেয়ে অনেক বেশি কর দিতে হবে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুককে। নতুন এই গঠনতন্ত্রের ফলে দেশটিতে অর্জিত রেভিনিউ আয়ারল্যান্ড হয়ে ঘুরিয়ে আনার পথ বন্ধ হয়ে যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

ইউরোপে পরিচালিত অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আয়ারল্যান্ড বা লুক্সেমবার্গের মতো কম করের দেশগুলো ঘুরিয়ে রেভিনিউ আনার চর্চাটি এখন প্রচলতি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সিএনএন। ‘প্রফিট শিফটিং’ নামের এই চর্চায় অভিযুক্ত হয়েছে ফেইসবুকও।

২০১৪ সালে মাত্র ৪৩২৭ পাউন্ড কর আদায়ের পর, এ নিয়ে ব্যাপক সমালোচনা হজম করতে হয় ফেইসবুককে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, “আমরা মনে করি, এই পরিবর্তন যুক্তরাজ্যে ফেইসবুকের কার্যক্রম নিয়ে আরও স্বচ্ছতা প্রদান করবে। নতুন এই গঠনতন্ত্র সহজেই বোধগম্য এবং যুক্তরাজ্যে আমাদের অতি পারদর্শী বিক্রয় দলের মাধ্যমে হওয়া বিক্রিকে স্পষ্টভাবে মূল্য দেওয়া হবে।”

এই ‘প্রফিট শিফটিং’ চর্চাকে ‘আগ্রাসী কর পরিকল্পনা’ হিসেবে অবহিত করে তা বন্ধ করার চেষ্টা করছে ইউরোপীয় কর্মকর্তারা। চলতি বছরের শুরুতে ইউরোপিয়ান ইউনিয়ন এ নিয়ে নতুন আইন বানানোর পরিকল্পনার ঘোষণা দেয়।

ফেইসবুক ছাড়া আরও প্রতিষ্ঠানকেও এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এর আগে যুক্তরাজ্যকে গুগল মোট ১৩ কোটি, অ্যাপল ইতালিকে ৩১ কোটি ৮০ লাখ পাউন্ড বাড়তি কর দিতে রাজি হয়।

এ ছাড়াও অ্যামাজন, স্টারবাকস আর ফিয়াট ক্রাইসলার-কেও এমন পরিস্থিত মোকাবেলা করতে হয়েছে।