অ্যাপল ভাল কম্পিউটার বানালে…
অ্যাপল যখন 'ভালো কম্পিউটার' তৈরি করবে, শুধু তখনই এই টেক জায়ান্টের বানানো ম্যাক কম্পিউটারে রিফ্ট হেডসেট ব্যবহার করা যাবে, এমনটাই জানিয়েছেন ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস-এর প্রতিষ্ঠাতা পালমার লাকি।
এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো অ্যাপল কম্পিউটারের স্পেসিফিকেশনই রিফ্ট ব্যবহারের ন্যুনতম যোগ্যতা রাখে না। আর এর প্রধান সমস্যাটা হচ্ছে অ্যাপল কখনো তাদের গ্রাফিক্স হার্ডওয়্যারকে শক্তিশালী করাকে গুরুত্ব দেয়নি।
অকুলাস-এর হেডসেট কাজ না করলেও, নিজেদের হেডসেট বের করার পর থেকেই অ্যাপলের কম্পিউটারগুলোতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
বিবিসি জানিয়েছে, মাইক্রোসফট এক্সবক্স-এর একটি প্রেস ইভেন্টে প্রশ্ন করা হলে লাকি জানান, অকুলাস রিফ্ট হেডসেট ব্যবহার করা যাবে কিনা তা অ্যাপলের বানানো কম্পিউটারের উপরেই নির্ভর করবে। তিনি বলেন, "যদি কখনো তারা (অ্যাপল) ভালো কম্পিউটার তৈরি করে, আমরা এটা করবো।"
তিনি আরও বলেন, “এ বিষয়টি হতাশাজনক যে অ্যাপল তাদের জিপিইউ-কে শক্তিশালী করাকে প্রাধান্য দিচ্ছে না।”
রিফ্ট এবং অন্যান্য হেডসেটগুলোরও কাজ করার জন্য সাধারণত শক্তিশালী গ্রাফিক্স কার্ড বা জিপিইউ এর প্রয়োজন হয় বলে জানিয়েছে বিবিসি। রিফ্ট হেডসেট ব্যবহার করা যাবে এমন কম্পিউটার কিনতে বা তৈরি করতে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ১০০০ ইউরো।
কিছু গবেষণায় উঠে এসেছে, এই মুহূর্তে সারা বিশ্বে ব্যবহৃত কম্পিউটারের এক শতাংশেরও কম কম্পিউটারে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ব্যবহারের ক্ষমতা আছে।
পালমার লাকি বলেন, "আপনি ৬০০০ মার্কিন ডলার খরচ করে এএমডি ফায়ারপ্রো ডি৭০০ গ্রাফিক্স কার্ডের ম্যাক প্রো কিনতে পারবেন, কিন্তু সেটাও আমাদের সুপারিশকৃত স্পেসিফিকেশন এর সঙ্গে যায় না।" যদিও তার প্রতিষ্ঠান অ্যাপলে তাদের হেডসেট চলার বিষয়টি ‘পছন্দ’ই করবে বলে যোগ করেন তিনি।
লাকি'র এমন সমালোচনার বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।
উইন্ডোজচালিত কম্পিউটারে নিজেদের হেডসেট চালাতে সবধরনের প্রস্তুতি নিতে ২০১৫ সালের মে মাসে অকুলাস ম্যাক এবং লিনাক্স-এর জন্য কাজ করা ‘স্থগিত’ করে দেয়।
এইচটিসি এর অবস্থান অকুলাস এর ঠিক বিপরীতে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ভাইভ হেডসেট ‘প্রথম দিন’ থেকেই ম্যাক এবং লিনাক্সে কাজ করবে। যদিও এইচটিসি-এর পার্টনার ভালভ একটি ভিআর টেস্টিং টুল তৈরি করেছে, যা শুধু উইন্ডোজেই কাজ করে।
চলতি বছর ২৮ মার্চ অকুলাস রিফ্ট হেডসেট বের করার কথা রয়েছে। আর ৫ এপ্রিলের পরপরই এইচটিসি ভাইভ হেডসেট বিক্রি শুরু হতে যাচ্ছে।
