২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের পক্ষে জাতিসংঘ মানবাধিকার প্রধান

স্যান বার্নার্ডিনো গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারী সৈয়দ ফারুকের ব্যবহৃত আইফোন আনলকের বিষয়ে অ্যাপলকে সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার যেইদ রা’দ আল হুসেইন। এফবিআই-এর করা দাবির সঙ্গে অ্যাপল সায় দিলে একটি 'প্যান্ডোরার বাক্স' খুলে যেতে পারে বলে সতর্কবাণী দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

বিবৃতিতে তিনি বলেন, “হত্যাকারীদের কোনো সহযোগী ছিলো কিনা তা তদন্তে অ্যাপল-কে তাদের নিজেদের ফোনের নিরাপত্তা ফিচারগুলো লঙ্ঘন করতে সফটওয়্যার বানাতে বাধ্য করা ছাড়াও আরও অনেক উপায় আছে।”

তার ভাষ্যমতে, তদন্তের কাজে আইন-শৃংখলা প্রণয়নকারী সংস্থাটি ‘পূর্ণ সহযোগিতা পাওয়ার দাবি’ রাখে। কিন্তু এমন পদক্ষেপ নেওয়া হলে, তা আধিপত্যবাদের পাশাপাশি হ্যাকারদের জন্য উপহার হয়ে উঠবে।

তিনি জানান, “মতপ্রকাশ এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় এনক্রিপশন ও গোপনীয়তার প্রয়োজন রয়েছে। এনক্রিপশন টুলসের অভাবে জীবন হুমকির সম্মুখীন হতে পারে।”

আইফোনের চার ডিজিটের পাসওয়ার্ডটি পরপর দশবার সঠিকভাবে দিতে ব্যর্থ হলে ফোনের সব ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার একটি ফিচার রয়েছে। এই ফিচার বন্ধ করতে এবং সম্ভাব্য ১০,০০০ 'কম্বিনেশন' চেষ্টা করতে সক্ষম একটি সফটওয়্যার ব্যবহার করে বন্দুকধারীর আইফোন দ্রুত আনলক করতে অ্যাপলের সহায়তা চেয়েছে এফবিআই। এই দাবি মেনে নেওয়া হলে, একটি ‘বিপদজনক নজির’ সৃষ্টি হবে, এমনটাই দাবি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির।

অন্যদিকে, গুগল, ফেইসবুক, মাইক্রোসফটসহ আরও ২৪টিরও বেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার আদালতে নথি দাখিল করেছে। অন্যদিকে, আইন-শৃংখলা প্রণয়নকারী সংস্থাদের দলসহ স্যান বার্নার্ডিনো ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের ছয়জন আত্মীয় বিচার বিভাগকে সমর্থন জানিয়েছেন। তবে, ঘটনায় গুলিবিদ্ধ অ্যানিসের স্বামী সালেহিন খন্দকার সমর্থন জানিয়েছেন অ্যাপল-কে।