নিজে নিজেই পরিষ্কার হবে শৌচাগার
প্লেনের শৌচাগারকে জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখতে উন্নত প্রযুক্তির শৌচাগার বানিয়েছে মার্কিন প্লেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। নতুন এই শৌচাগারটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ৯৯.৯ শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম।
নতুন এই শৌচাগারে কেউ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আল্ট্রা ভায়োলেট লাইট টয়লেটের চারপাশ পরিষ্কার করে থাকে। এমনকি শৌচাগারের আসনটিও স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে, যাতে আল্ট্রা ভায়োলেট লাইটটি আরও তীক্ষ্ণভাবে বিভিন্ন জায়াগায় পৌঁছাতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এটি ৩ সেকেন্ড সময় নেয় বলে জানিয়েছে স্কাইনিউজ।
নতুন এই শৌচাগারে ফ্ল্যাশ বাটন চাপলেই প্রতি বর্গইঞ্চিতে ২৫০ ইউনিট এর চেয়ে বেশি ব্যাকটেরিয়া ধ্বংসকারী পদার্থ নির্গত হয়। এবিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জিন ইউ বলেন, “আমরা চেষ্টা করছি যাতে প্লেনে শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের দুশ্চিন্তা কমে।” নতুন এই প্রযুক্তি আকাশপথে ভ্রমণকারীদের কাছে ভালোভাবে গৃহীত হয়েছে বলেও জানান তিনি।
শৌচাগার পরিষ্কারের জন্য যে ইউভি লাইট ব্যবহার করা হয়েছে সেটি ‘এ’ অথবা ‘বি’ টাইপের নয় বলে এটি মানবদেহের কোন ক্ষতি করবে না বলেও জানায় প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তিতে জীবাণুগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন প্রকৌশলী জেমি চিল্ড্রেস।
তিনি বলেন, “ইউভি লাইটটি পরিচিত সব জীবাণুকে বিস্ফোরণের মাধ্যমেই ধ্বংস করে থাকে। এটি জীবাণুর বাইরের আণবিক বন্ধনের অনুনাদিত কম্পাংকের সঙ্গে মিলে যায়।” ইতোমধ্যেই স্বয়ংক্রিয় এই শৌচাগারের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে বোয়িং। এই পেটেন্টে আরও থাকছে হাতবিহীন পানির কল এবং সাবান, হাত শুকানোর যন্ত্র এবং ডাস্টবিন।
দরজার তালা অনেক বেশি জীবাণু আকর্ষণ করে থাকে। এজন্যই শৌচাগারের দরজায় হাতবিহীন তালা তৈরির জন্যও কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও মেঝেতে অব্যবহৃত পানি এবং ময়লা পরিষ্কার করতে নতুন ভ্যাকুয়াম সিস্টেম বানিয়েছে বোয়িং।
এরই মধ্যে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে জীবাণু ধ্বংসকারী শৌচাগার বানাচ্ছে আরেক প্লেন নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
