২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেয়ার-এর সঙ্গে চুক্তিতে আগ্রহ আউডি'র

সাম্প্রতিক সময়ে স্ব-চালিত গাড়ি তৈরিতেই বেশি মনোযোগী হয়ে উঠছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যেই বেশকিছু প্রতিষ্ঠান এমন গাড়ি তৈরি করলেও সেগুলো খুব একটা সন্তোষজনক ফলাফল দিতে পারেনি বলা যায়। এখন অনেক গাড়িতেই অটোপাইলট ফিচার থাকলেও অধিকাংশই পুরোপুরি স্ব-চালিত নয়। তাই সম্পূর্ণ চালকবিহীন গাড়ি তৈরির লক্ষ্যে কাজ করছে কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:37 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

স্ব-চালিত গাড়ি তৈরিতে সবেচেয়ে গুরুত্বপূর্ণ হল গাড়ির ম্যাপ বা ন্যাভিগেশন সিস্টেম। আর সেজন্যই ফিনিশ মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার মালিকানাধীন ডিজিটাল ম্যাপিং প্রতিষ্ঠান 'হেয়ার'-এর সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডি, জানিয়েছে রয়টার্স। চলতি বছরের ৩ মার্চ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুপার্ট স্টেডলার জানান, হেয়ার ম্যাপ-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে কথা চলছে।

২০১৫ সালেই হেয়ার ম্যাপ বিজনেস কিনতে একসঙ্গে যুক্ত হয়ে উদ্যোগ নেয় আউডি, বিএমডাব্লিউ এবং মার্সেইডিজ বেঞ্জ। অন্যান্য উচ্চ প্রযুক্তির লোকেশন সার্ভিসকে টক্কর দিতে এমন উদ্যোগ নেয় প্রতিষ্ঠানগুলো। কারণ তারা এর মাঝেই স্ব-চালিত গাড়ির ভবিষ্যৎ দেখতে পান। আর এসময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বলেও জানিয়েছে স্টেডলার। 

এ ব্যাপারে স্টেডলার বলেন, "আমরা এটা জানাতে আনন্দ বোধ করছি যে, আমরা আমাদের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের এই প্ল্যাটফর্মে একইসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ করছি। আমরা আরও বলেছি যে, আমরা স্টেক কমাতে প্রস্তুত যাতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতে আসতে পারে।" কিন্তু এ ব্যাপারে আরও স্পষ্টভাবে কিছু জানাতে রাজি হননি তিনি।