উবার এবার পাকিস্তানে
৬৯ তম দেশ হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে উবারের সেবা চালু হতে যাচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের বুধবার এই ঘোষণা দেয় উবার কর্তৃপক্ষ। যাত্রীরা ক্রেডিট কার্ডের সঙ্গে ক্যাশেও এই সেবা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উবারের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পাকিস্তানের মুখপাত্র শাদেন আব্দুললতিফ বলেছেন, “লাহোর প্রথম শহর যেখানে প্রথম থেকেই ক্যাশ চালু করা হল।”
এখানে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। তাই স্থানীয় অধিবাসীদের জীবনযাপনের ধরন অনুসারে উবার এই পদক্ষেপটি নিয়েছে। বর্তমানে লাহোরে যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রিক্সা আর তাই আব্দুললাতিফ মনে করেন এখানে উবারের বেশ ভালো সুযোগ রয়েছে। তিনি বলেছেন, “লাহোর অনেক বড় একটি শহর। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রতিদিন অনেকেই এখানে সেখানে যাতায়াত করেন।”
তাছাড়া উবার লাহোরে যাত্রীদের সুরক্ষার জন্য সরকার অনুমোদিত অনুমোদনপত্রের ব্যবস্থা করেছে। চালকের এই অনুমোদনপত্রটি আগের কর্মক্ষেত্র থেকে পেতে হবে এবং এই অনুমোদন কোনো আত্মীয়ের কাছ থেকে আনা যাবে না। এটি পাকিস্তানের শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের কাজে নিয়োগের আগে সাধারণ শর্ত বলে জানান তিনি।
এছাড়াও উবার তার চালকদের যৌন হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রশিক্ষণ দিচ্ছে। এই রকম প্রশিক্ষণ উবার কায়রোতেও চালু করেছে। কেননা সেখানে যৌন হয়রানির হার বেশ উচ্চ।
উবার জানিয়েছে, সর্বনিম্ন ভাড়া ১.৫০ ডলারের সমমূল্যের হবে এবং গ্রাহকেরা সুজুকি সুইফট, টয়োটা ভিজ, টয়োটা করোলা অথবা হোন্ডা সিভিক-এ যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যেই একশ’জন চালক নিয়োগপ্রাপ্ত হয়েছেন যাদের মধ্যে কেউ পেশাদার চালক এবং কেউ ছাত্র।
শহরটিতে বর্তমানে কারিম নামে একটি দুবাইভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে, যারা উবারের প্রতিদ্বন্দী হিসেবে কাজ করবে।
