২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর সম্পদ বিক্রি চলছেই

পেটেন্ট, সম্পত্তি এবং 'নন-কোর অ্যাসেট' এর বিক্রি বাড়াচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। চলতি বছরের ৩ মার্চ প্রতিষ্ঠানটির অর্থবিষয়ক প্রধান জানিয়েছেন, ইয়াহু তাদের বিক্রির পরিমাণ ১শ' কোটি মার্কিন ডলার থেকে ৩শ' কোটি মার্কিন ডলারে নিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

এই বিক্রির আওতায় রয়েছে প্রতিষ্ঠানের পেটেন্ট, সম্পত্তি এবং 'নন-কোর অ্যাসেট'। নন-কোর অ্যাসেট বলতে বোঝানো হয়েছে যে সব সম্পদ বর্তমানে প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে কোন কাজে আসছেনা বা যেগুলো প্রতিষ্ঠানের জন্য খুবই সাধারণ।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অর্থবিষয়ক প্রধান কেন গোল্ডম্যান সম্প্রতি ‘মরগান স্ট্যানলি টেকনোলজি মিডিয়া অ্যান্ড টেলিকম কনফারেন্সে’ জানিয়েছেন, প্রতিষ্ঠানের মূল ব্যবসার বাইরে বিকল্প বাড়াতে দ্রুত 'অ্যাসেট'গুলো বিক্রি করতে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। 

গোল্ডম্যান আরও জানান পেটেন্ট, সম্পত্তি এবং 'নন কোর ইউনিট বা ব্যবসা' সবকিছুই সম্ভাব্য বিক্রির তালিকায় রয়েছে। আর শেষ তিন বছরে প্রতিষ্ঠানটি ৬০ কোটি ডলারের পেটেন্ট বিক্রি বা লাইসেন্স করেছে বলে জানিয়েছে রয়টার্স।

ইয়াহুর উপরে দিন দিন শেয়ারধারী এবং বিনিয়োগকারীদের চাপ বেড়েই চলেছে। বিকল্প পথে না হেঁটে তারা প্রতিষ্ঠানটির মূল ব্যবসা বিক্রির জন্য চাপ সৃষ্টি করছে। অন্যথায় প্রতিষ্ঠানটি জাপানে এবং আলিবাবা গ্রুপে থাকা শত কোটি ডলারের শেয়ার হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গণমাধ্যমে সাম্প্রতিক প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী টাইম ইনকর্পোরেটেড এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজনের মত প্রতিষ্ঠানগুলো ইয়াহুর সম্ভাব্য ক্রেতার তালিকায় থাকতে পারে।