২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আধা-স্বয়ংক্রিয় ড্রোন আনলো ডিজেআই

আধা-স্বয়ংক্রিয় ড্রোন আনার ঘোষণা দিয়েছে চাইনিজ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই (DJI)। ফ্যান্টম ৪ নামের এই ড্রোনটি উড্ডয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের ড্রোন ব্যবহারকারীর জন্য আগের ড্রোনগুলোর চেয়ে আরও বেশি সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন এই ড্রোনটির চারপাশে অনেকগুলো ক্যামেরা লাগানো থাকবে। এই ক্যামেরাগুলো সার্বক্ষণিক ড্রোনের চারপাশ পর্যবেক্ষণ করতে থাকবে। ড্রোনের ৫০ ফুটের ভিতরে কোনো বাঁধা আসলে এটি গতি কমিয়ে দেবে। আর যদি ৬ ফুটের কোনো বাঁধা মধ্যে চলে আসে তবে হয় ড্রোনটি থেমে যাবে না হলে অন্য পথ বেছে নিয়ে বাধা অতিক্রম করবে।

ফ্যান্টম ৪ ড্রোনটি 'ট্যাপফ্লাই' মোডে উড্ডয়নের ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও বেশি সহায়তা প্রদান করবে। এই মোডে ড্রোনটি অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এক্ষেত্রে ব্যবহারকারী তার স্মার্টফোন বা ট্যাবলেটে ড্রোনের লাইভ ভিউ দেখতে পাবেন। আর ড্রোনটিকে জায়গা মতো নিয়ে যেতে শুধু পর্দায় চাপ দিলেই হবে। দিক পরিবর্তনের সংকেত দেওয়া হলে নিখুঁতভাবে দিক পরিবর্তন করতে পারে ড্রোনটি।

এছাড়াও চলচ্চিত্র নির্মাতাদের সুবিধার্থে নতুন 'অ্যাক্টিভ ট্র্যাক' ফিচার যুক্ত করা হয়েছে এতে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা গাড়িতে একটি সীমানা দেওয়া হয়। ড্রোনটি তখন লক্ষ্যবস্তুতে লক হয়ে যাবে এবং সব বাঁধা পেরিয়ে এর সঙ্গেই চলাচল করে। এজন্য ড্রোনের পাইলটকে শুধু ড্রোনের দিক নির্দেশনা দিতে হবে। বাকিটা ড্রোন নিজে নিজেই করবে।

ড্রোনটি নিয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক ওয়াং বলেন, "মানুষ স্বপ্ন দেখেছিল ড্রোন একদিন সৃজনশীলতায় তাদের সহযোগী হবে। সেইদিন চলে এসেছে।" ট্যাপফ্লাই' মোডের সাহায্যে যারা ড্রোন উড়াতে পারেন না তারাও নতুন এই ড্রোনটি নিশ্চিন্তে উড়াতে পারবেন বলে মনে করেন তিনি। 

ফ্যান্টম ৩-এর তুলনায় আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে। ইতোমধ্যেই ডিজেআই- এর ওয়েবসাইটে ড্রোনটি পাওয়া যাচ্ছে। ফ্যান্টম ৪-এর মূল্য ধরা হয়েছে ১২২৯ ব্রিটিশ পাউন্ড। একই দামে অ্যাপলও ড্রোনটি বিক্রি করছে বলেও জানায় ইনডিপেনডেন্ট।