শকঝুঁকি, অ্যাডাপ্টার ফেরত নিচ্ছে অ্যামাজন
বৈদ্যুতিক শক-এর ঝুঁকি থাকার কারণে ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে দেওয়া পাওয়ার চার্জার ফেরত চাইছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
যুক্তরাজ্য আর আয়ারল্যান্ডে ব্যবহৃত অ্যাডাপ্টারগুলো এই ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে বিক্রি হওয়া ৭ ইঞ্চি ডিসপ্লে-এর ফায়ার আর ফায়ার কিডস ট্যাবলেটগুলোর সঙ্গে এই ঝুঁকিপূর্ণ অ্যাডাপ্টার দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিক্রিত পণ্যের অ্যাডাপ্টার ফেরত নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছর জানুয়ারিতে অ্যাপল তাদের ‘পাওয়ার চার্জার অ্যাডাপ্টার প্লাগ’ ফেরত চায়। একই মাসেই সারফেইস প্রো ট্যাবলেটের সঙ্গে দেওয়া পাওয়ার কর্ড ফেরত চায় মাইক্রোসফট।
ঝুঁকিপূর্ণ অ্যাডাপ্টারগুলো নিয়ে নতুন অ্যাডাপ্টার দেওয়ার আগ পর্যন্ত ট্যাবলেটগুলো ইউএসবি পোর্ট ব্যবহার করে কম্পিউটার থেকে চার্জ দেওয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দিয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "গ্রাহকের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই, তাই আমরা বিনামুল্যে আগে থেকেই এই পাওয়ার অ্যাডাপ্টারগুলো নিয়ে নতুন অ্যাডাপ্টার দেওয়ার প্রস্তাব দিচ্ছি।"
সেই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও বলে, “অন্যান্য দেশে বিক্রি হওয়া পাওয়ার অ্যাডাপ্টার আর ফায়ার এইচডি ও ফায়ার এইচডিএক্স-এর সঙ্গে দেওয়া পাওয়ার অ্যাডাপ্টারগুলোতে এ ঝুঁকি নেই, আর এগুলো বদলানোরও দরকার নেই।”
ইউকে ট্রেডিং স্ট্যান্ডার্ড অফিস-এ এই সমস্যার কথাটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
