জার্মানিতে তদন্তের মুখে ফেইসবুক
জার্মানির বাজারে ফেইসবুক নিজেদের প্রভাবশালী অবস্থানের কোনো সুযোগ নিয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। দেশটির ফেডারেল কার্টেল কর্মকর্তারা সন্দেহ করছেন, সামাজিক নেটওয়ার্কটির প্রাইভেসি শর্তগুলো ডেটা নিরাপত্তা আইন লংঘন করেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারই প্রথম এ ধরনের তদন্তের সম্মুখীন হল মার্কিন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। জার্মান কর্তৃপক্ষ খতিয়ে দেখতে চাচ্ছেন, বাজারে ফেইসবুকের প্রভাবশালী অবস্থান এ বিষয়ে কতটুকু ভূমিকা রেখেছে। অবশ্য ফেইসবুকের তরফ থেকে জানানো হয়েছে, তারা নিশ্চিত যে আইন মেনেই সবকিছু করা হয়েছে।
কার্টেল প্রেসিডেন্ট আন্ড্রেয়াস মুন্ড এ প্রসঙ্গে বলেছেন, “প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বাধ্যবাধকতা অনুসরণ করতে হয়। এগুলোর মধ্যে আইন মেনে সেবার পর্যাপ্ত শর্তাবলী আরোপের বিষয়টিও রয়েছে। ফেইসবুকের মতো বিজ্ঞাপনভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহারকারীর ডেটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এ কারণেই, তারা নিজ অবস্থানের বিষয়টিকে ঠিক কীভাবে ব্যবহার করেছে, তা পরীক্ষা করা খুবই জরুরি, যেমন, আদৌ গ্রাহকরা জানতন কিনা তাদের কোন ডেটাগুলো সংগ্রহ করা হচ্ছে।”
২ মার্চ এক বিবৃতিতে কার্টেল কার্যালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং আইরিশ অঞ্চলগুলোতে ফেইসবুক কীভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে, তদন্তে সে বিষয়গুলোও খতিয়ে দেখা হবে। এ ছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, “যথেষ্ট পরিমাণে সন্দেহ করার মতো কারণের মধ্যে একটি হচ্ছে, ব্যবহারকারীরা ফেইসবুকের প্রাইভেসি চুক্ত ঠিকমতো বুঝতে পারেন না, যা আদতে আইন লংঘন করে থাকে। যদি এ ধরনের কোনো নজির পাওয়া যায়, তাহলে তা ক্ষমতার অপব্যবহার হিসেবে ধরে নেওয়া হবে। কারণ, বিষয়টি বাজার প্রতিযোগিতায় প্রভাব ফেলে থাকে।”
অন্যদিকে এ বিষয়ে ফেইসবুক মুখপাত্র জানিয়েছে, “আমরা নিশ্চিত যে আইন মেনেই সব কাজ করা হয়েছে এবং ফেডারেল কার্টেল অফিসের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও আমরা প্রস্তুত।”
