আইওএস-এ নজরদারি ফিচার
গ্রাহকদেরকে ‘নজরদারি’ সম্পর্কে জানাতে আইওএস-এ নতুন ফিচার যোগ করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আসন্ন ফিচারটি আইওএসচালিত ডিভাইস ব্যবহারকারীদের সহজেই জানিয়ে দিবে নিয়োগকর্তা তাদেরকে নজরদারিতে রাখছে কিনা।
আইওএস ৯.৩-এ নজরদারিবিষয়ক ওই ফিচারটি দেওয়া হবে। ব্যবহারকারীর ডিভাইস যদি নিয়োগকর্তার নজরদারিতে থাকে, তাহলে ছোট একটি সতর্কবার্তার মাধ্যমে ব্যবহারকারীকে তা জানিয়ে দেওয়া হবে। তবে ফিচারটির মতো আইওএস ৯.৩-ও সব আইওএসচালিত ডিভাইসের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি বলেই জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
ইনডিপেনডেন্ট আরও জানিয়েছে, ব্যবহারকারীর আইওএস ৯.৩ চালিত ডিভাইস যদি নজরদারির আওতায় থাকে, তাহলে ফিচারটির বদৌলতে হ্যান্ডসেটের লক স্ক্রিনে সতর্কবার্তা দেখানো হবে, “এই আইফোনটি আপনার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে।”
ব্যবহারকারী যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন, তাহলে ‘অ্যাবাউট পেইজ’ থেকে ট্র্যাকিং সম্পর্কিত আরও তথ্য জানতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন প্রতিষ্ঠানের আইটি বিভাগ থেকে তার ডিভাইসটিকে নজরদারিতে রাখা হচ্ছে কিনা।
ফিচারটি এ ধরনের তথ্য দিয়ে ব্যবহারকারীকে সহায়তা করলেও, ঠিক কোন সময়ে তার ডিভাইসের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য জানাবে না।
ফিচারটি অ্যাপলের আইওএস সফটওয়্যারের বেটা সংস্করণে দেখা গেছে বলেই জানিয়েছে ইনডিপেনডেন্ট। আর তাই আশঙ্কা রয়েছে, অ্যাপল এই ফিচার বাদেই আইওএসটির পূর্ণ সংস্করণ উন্মোচন করছে।
