বাগডুম ডট কম-এ আইসিটি মেলা
বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬–এর পর্দা নামতে যাচ্ছে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
এবার প্রথমবারের মতো মেলার পণ্য প্রদর্শিত হচ্ছে অনলাইনে। আইসিটি এক্সপো ২০১৬ পণ্যের সমাহার নিয়ে ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত বাগডুম ডট কম-এ এক্সপোটি চলবে।
“পুরো আইসিটি এক্সপো’ই আমরা অনলাইনে নিয়ে আসতে চাই। এ ধরনের আয়োজন এর আগে বাংলাদেশে কখনও হয়নি।”—আয়োজন সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন বাগডুম ডট কম-এর চিফ অপারেটিং অফিসার মনোয়ার হোসেন খান।
এ বিষয়ে ১ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গে বাগডুম ডট কম-এর চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মাহফুজুল আরিফ, বাগডুম ডট কম-এর চিফ অপারেটিং অফিসার মনোয়ার হোসেন খান এবং চিফ মার্কেটিং অফিসার মিরাজুল হক, ও মাইক্রোসফট বাংলাদেশে-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির।
