২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাড়ানোর চেষ্টায় তোশিবা

বৃহস্পতিবার জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবার শেয়ার মূল্য ১০ শতাংশের চেয়েও বেশি বেড়েছে। এদিকে প্রতিষ্ঠানটি নিজেদের পুনঃগঠন প্রচেষ্টার জন্য আর্থিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

প্রতিষ্ঠানটি বর্তমানে বেশ কিছু জাপানি আর্থিক ঋণদাতার সঙ্গে আলোচনা করছে বলেই জানিয়েছে বিবিসি। অন্যদিকে বর্তমান অবস্থায় তোশিবাকে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানই ২২০ কোটি ডলার ঋন দিতে চাচ্ছে না বলেই জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই।

তোশিবার পক্ষ থেকে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হলেও, আলোচনার ফলাফল সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে জাপানি দৈনিক নিককেই-এর বরাতে জানা গেছে, চলতি মাসের শুরুতে সুমিটোমো মিৎসুই ব্যাংকিং, মিজাহো ব্যাংক এবং সুমিটোমো মিৎসুই ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠানটিকে ঋন দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

এই আর্থিক সহায়তা তোশিবার ঘুরে দাঁড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুয়া মুনাফাকে কেন্দ্র করে সৃষ্ট কেলেংকারির জন্য তোশিবা বর্তমানে এমন পরিস্থিতিতে রয়েছে যার ফলে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যেতে পারে। তোশিবাতে বর্তমানে প্রায় দুই লাখ মানুষ কর্মরত রয়েছেন।

পরমাণু শক্তি থেকে শুরু করে গৃহস্থালি পণ্যনির্মাণ পর্যন্ত বিস্তৃত প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৫ সালে। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে বিশ্বের সাধারণ বাজারের জন্য প্রথমবারের মতো ল্যাপটপ নিয়ে এসেছিল।