পেন্টাগনে অ্যালফাবেট প্রধান
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)-এ প্রযুক্তির ব্যবহার আধুনিক করার দরকার পড়েছে। আর এই উদ্দেশ্য পূরণে ডাকা হয়েছে বর্তমান অ্যালফাবেট চেয়ারম্যান আর সাবেক গুগল সিইও এরিক স্মিড-কে।
নতুন গঠন করা প্রতিরক্ষা খাতে উদ্ভাবনীবিষয়ক উপদেষ্টা পরিষদ 'ডিফেন্স ইনোভেশন অ্যাডভাইজরি বোর্ড'-এর প্রধান হিসেবে বুধবার স্মিড-কে নিয়োগ দেন দেশটির প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার। এই পরিষদ পেন্টাগন-কে সিলিকন ভ্যালির সর্বাধুনিক প্রযুক্তিগত ধারণাগুলোর সঙ্গে সংযুক্ত রাখবে আর প্রতিরক্ষা বিভাগে এই ধারণাগুলো কাজে লাগাবে।
বর্তমানে পেন্টাগনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেসব ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা এই পরিষদ শনাক্ত করবে। শুধু তাই নয়, সেই সঙ্গে এই সমস্যাগুলোর 'চটজলদি সমাধান'ও বলে দেবে তারা। তবে, সামরিক বাহিনীর কার্যক্রম কৌশল নিয়ে কোনো তথ্য অ্যাকসেস করার সুযোগ পাবেন না স্মিড-এর দল।
এই দলে আরও ১১ জন সদস্য নেওয়া হতে পারে, যারা সবাই আগে কোনো না কোনো সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।
কার্টার বলেন, "নতুন উদ্ভাবনগুলো চর্চা আর উদ্ভাবনী খাতে উৎসাহদানে স্মিড-এর একটি অনন্য ভূমিকা রয়েছে।"
যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের শুরুর দিকে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভালোই সখ্যতা ছিল স্মিড-এর। কিন্তু সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউজের সঙ্গে তার সম্পর্কের কিছুটা টানাপড়েন চলছে বলে জানিয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সম্প্রতি স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের ঘটনায় অ্যাপল, এফবিআই আর আদালতের মধ্যে সৃষ্ট বিতন্ডায় অ্যাপল-কে সমর্থন জানিয়ে অ্যালফাবেট আদালতে নথি দাখিল করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এরপরও ওবামার ‘নেক নজরেই’ রয়েছেন স্মিড।
