২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের হাতেও ভার্চুয়াল রিয়ালিটি

উপহার হিসেবে শিশুদের এতদিন সাধারণ খেলনা দিয়েছে জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই বোধহয় এখন শিশুদের ভার্চুয়াল গগলস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

সম্প্রতি সুইডেনে নিজেদের ‘হ্যাপি মিলস’-এর সঙ্গে ‘হ্যাপি গগলস’ নামে ভার্চুয়াল রিয়ালিটি ধরনের খেলনা দেওয়া শুরু করেছে ম্যাকডোনাল্ডস। ওই হ্যাপি গগলস কাজে লাগাতে শিশুদের অবশ্য মা অথবা বাবার স্মার্টফোনের প্রয়োজন পড়বে। তারপর তারা গগলসটির মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটির স্বাদ পাবে।

দেশটিতে ‘হ্যাপি মিলস’-এর ৩০ বছর উদযাপনে উপহার হিসেবে দেওয়া হচ্ছে এই হ্যাপি গগলস। হ্যাপি গগলস-এর জন্য অবশ্য আলাদা তেমন কোনো খরচ করেনি ম্যাকডোনাল্ডস। ‘হ্যাপি মিলস’-এর প্যাকেটটিকে নির্দশনা অনুযায়ী ভাঁজ করলেই শিশুরা পেয়ে যাবে ভার্চুয়াল রিয়ালিটি খেলনা ‘হ্যাপি গগলস’।

শিশুদের হাতে এই ধরনের খেলনা তুলে দেওয়ার আগে কার্ল ইডার এবং ফাডি লাদহো নামের দুই জন শিশু মনোবিজ্ঞানীর পরামর্শও নিয়েছে ম্যাকডোনাল্ডস। অভিভাবকদের নিশ্চিন্ত করতে ওই মনোবিজ্ঞানীরা এক বিবৃতিতে জানিয়েছেন, “নতুন প্রজন্ম এমন এক পৃথিবীতে বড় হচ্ছে, যেখানে স্মার্টফোন এবং ট্যাবলেট তাদের স্বাভাবিক জীবনের অংশ। তাদের জন্য ভার্চুয়াল জগতের রাস্তা খুলে দিচ্ছে হ্যাপি গগলস যা অত্যন্ত আনন্দের।”

ম্যাকডোনাল্ডস এখন ভার্চুয়াল রিয়ালিটি স্কি গেইম তৈরি করছে। গেইমটি তৈরির মূল উদ্দেশ্য হল, পরিবারের সদস্যরা যাতে একত্রে হ্যাপি গগলস ব্যবহার করে গেইমটি খেলতে পারেন।