ট্রাম্প প্রসঙ্গে বললেন জন স্কালি
ট্রাম্প ভোটাররা প্রকৃত ঘটনা নিয়ে মাথা ঘামান না এমন মন্তব্যই করেছেন পেপসি এবং অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালি। রিপাবলিকান সমর্থক স্কালি আরও জানিয়েছেন, ট্রাম্প-এর সঙ্গে তার অনেকদিন থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ না নিলেও, প্রচারণাটি পছন্দ করেছেন তিনি।
ট্রাম্প প্রসঙ্গে স্কালি আরও বলেন, “ট্রাম্প যে কাজগুলো করবেন বলে জানাচ্ছেন, তা শুনতে হয়তো খারাপ শোনাচ্ছে --- কিন্তু তিনি ঠিকই কাজ উদ্ধার করে আনতে সক্ষম। আমার ধারণা, গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে যতখানি কৃতিত্ব দিচ্ছে, তিনি তার চেয়েও বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য।”
স্কালি আরও জানিয়েছেন, মানুষ যে এখন আর রাজনীতিবিদদের পছন্দ করতে পারছেন না, সে বিষয়টি ট্রাম্প অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়েও বেশি বিশ্বাস করেন। এজন্যই ট্রাম্পের প্রচারণা অন্যান্যদের তুলনায় ভিন্ন। এ ছাড়াও স্কালি জানিয়েছেন, ট্রাম্প সমর্থকদের বিশ্বাস, তিনি ভিন্নধারার একটি রাজনীতি প্রথা গড়ে তুলতে পারবেন।
এবারের নির্বাচনে সামাজিক মাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্কালি বলেছেন, “২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন রাজনৈতিক দলগুলোকে বড় মাত্রার একটি মেসেজ পাঠাচ্ছে, বিশেষ করে রিপাবলিকান পার্টির কাছে। মেসেজটি হচ্ছে, দলগুলো অপ্রাসঙ্গিক। আর এ বিষয়টি সম্ভব হয়েছে সামাজিক মাধ্যমের কারণে।”
স্কালির এ মন্তব্যগুলো নিয়ে ট্রাম্পের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন।
