বিতর্কের মুখে কিডল
উন্মোচনের পরই বিতর্কের জন্ম দিয়েছে শিশুদের জন্য বানানো সার্চ ইঞ্জিন কিডল।
২০১৪ সালে এই সার্চ ইঞ্জিন নিবন্ধন করা হয়। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এই সাইটটি ফিল্টারের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ব্লক করে থাকে। আর এজন্য এতে ব্যবহার করা হয়েছে গুগলের সেইফ সার্চ ফিচার। তবে, সেজন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে প্রতিষ্ঠানটি কোনো চুক্তি করেনি বলে জানিয়েছে বিবিসি।
এই সার্চ ইঞ্জিন নিয়ে সাইটটির পক্ষ থেকে বলা হয়েছে, “কিডল-এ অনুসন্ধানের মাধ্যমে যেসব ফলাফল পাওয়া যাবে, সেগুলো পারবারিকভাবে গৃহীত হওয়ার মতো, কারণ আমরা পরিপূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের উপাদান ফিল্টার করে থাকি।” আর সেটিই এখন বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে বল মানে গোলক বা বাংলায় আমরা যেমনটা বলি- বল। এই শব্দটির বহুবচন হলেই গোল বাধাঁয় কিডল সাইটটি। কারণ ‘অনেকগুলো বল’ অর্থের পাশাপাশি শব্দটি ‘সাহস’ বা ‘তেজ’ বোঝায় এবং অশালীন ভাষায় এর প্রচলিত মানে ‘অণ্ডকোষ’ও বোঝায়। সাইটটিতে বল ওয়ার্ড সার্চ করলে সেক্ষেত্রে সাইটটি 'বল’কেও ব্লক করে দেয়।
এখানেই শেষ নয়, সাইটটি লেসবিয়ান এবং গে শব্দ দুটিকেও ব্লক করে থাকে। আর সাইটটির এই সিদ্ধান্তই চটিয়েছে সমকামী, উভকামী এবং হিজড়াদের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের স্টোনওয়াল সংস্থাকে। এ বিষয়ে কিডল-এর পক্ষ থেকে বলা হয়, “কিডল এ ধরনের সার্চের কোনা ফলাফল দেখাবে না, কারণ, এটি সার্চের ফলাফলের কোনো নিশ্চয়তা দিতে পারে না। আর সার্চের ফলাফল সাইটের সম্পাদকের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়।”
এ সাইট পরিপূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ব্লক করে, এমনটাই দাবি করেছে সাইটটি। কিন্তু দেখা গিয়েছে এটি 'সুইসাইড' কিওয়ার্ডকে আটকাতে পারলেও 'সেলফ-হার্ম' কে আটকাতে পারেনি। একইভাবে এটি পামেলা অ্যান্ডারসনকে ব্লক করতে পারলেও 'ফিফটি শেডস অফ গ্রে'-কে আটকাতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
শুধু তাই নয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চালানো এক পরীক্ষায় দেখা গিয়েছে, সাইটটি সানি লিওনের মত পর্নতারকাকে সফলভাবে ব্লক করতে সক্ষম হলেও আরেক পর্ন তারকা মিয়া খালিফা-এর ক্ষেত্রে কোনো বাঁধা রাখা হয়নি।
সমকামী, উভকামী হিজড়া এসব কিওয়ার্ড ব্লক করার সিদ্ধান্তটি সঠিক বলে মনে করছে না স্টোনওয়াল। কারণ যারা এইগুলো সার্চ করবে তারা এখানে এ নিয়ে কিছু না পেলে, অন্য কোথাও এটি নিয়ে সার্চ করবে। আর এটিই ঝুঁকির কারণ হতে পারে। তাই এ বিষয়ে কিডলের নতুন করে উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছে সংস্থাটি।
ব্লক করার জন্য আরও কিওয়ার্ড পেতে সাইটে একটি ফর্মও দিয়েছে কিডল।
২৪ ঘন্টার মধ্যে সাইটটির সার্ভার লগ মুছে ফেলা হয় এবং কোন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা হয় না বলেও জানিয়েছে তারা।
