‘কিড্ল’ যেন গুগলের শিশু সংস্করণ
শিশুদের জন্য নতুন সার্চ ইঞ্জিন উন্মোচন করছে ‘কিড্ল’। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে অনেকটাই মিল রয়েছে শিশুবান্ধব এই সার্চ ইঞ্জিনটির।
অনেকটা গুগলের মতই লোগো ব্যবহার করা হয়েছে ওই কিড্লওয়েবসাইটে। আর গুগলের সঙ্গে কোনো চুক্তি করা ছাড়াই তাদের কাস্টম সার্চ বার ব্যবহার করা হয়েছে এতে। সার্চ ইঞ্জিনটি প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ফিল্টারের সাহায্যে ব্লক করবে। এমনকি পামেলা অ্যান্ডারসনের মত তারকা প্রাপ্তবয়স্কদের কনটেন্টে যাদের যথেষ্টই আনাগোনা সেগুলোও ব্লক করবে শিশুবান্ধব সার্চ ইঞ্জিন কিড্ল।
সাইটটির পক্ষ থেকে বলা হয়েছে, “কিড্ল-এ অনুসন্ধানের মাধ্যমে যেসব ফলাফল পাওয়া যাবে, সেগুলো পারবারিকভাবে গৃহীত হওয়ার মতো, কারণ আমরা পরিপূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের উপাদান ফিল্টার করে থাকি।”
অবশ্য বাস্তবে ওই প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে পারেনি সাইটটি।
সম্প্রতি কারদাশিয়ান ক্ল্যান এবং ভ্যানেসা হাজেনের মত তারকাদের আবেদনময় ছবি সাইটটির ফিল্টারকে ফাঁকি দিয়ে সার্চ ফলাফলে চলে এসেছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাইনিউজ। শুধু তাই নয়, সাইটটিতে ‘র্যাবিট’ লিখে অনুসন্ধান করলে ড্যানিশ রেডিও জকি খরগোশ হত্যা করেছে এমন ফলাফলও পাওয়া যাচ্ছে।
সাইটটিতে পাওয়া প্রথম তিনটি ফলাফল বিশেষভাবে বাচ্চাদের জন্য নিরাপদ সাইট এবং পেইজ দেখিয়ে থাকে। আর বাকি ফলাফল প্রাপ্তবয়স্কদের জন্য লেখা হলেও সেগুলো গুগলের সেইফ সার্চ ফিল্টার-এর মাধ্যমে আসে।
কিড্লের লোগোতে গুগলের লোগোর মতোই রং ব্যবহার করা হয়েছে। আর গুগলের প্রথাগত ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে সাইটটির মূল পেইজে বন্ধুসুলভ এক রোবট ও মহাশূন্যের থিম ব্যবহার করা হয়েছে।
