যুক্তরাজ্যে অনলাইনে অস্ত্র চোরাচালান
যুক্তরাজ্যে অস্ত্র চোরাচালানে অনলাইন বেচাকেনার সাইটগুলোকে বেছে নিচ্ছে অপরাধীরা, এমনটাই জানিয়েছেন দেশটির একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ-এর প্রধান কনস্টেবল ডেভ থম্পসন জানান, অনলাইন নির্ভর এই ‘ফাস্ট পার্সেল সিস্টেম’ অস্ত্র বেচাকেনার জন্য জনপ্রিয় হয়ে উঠছে। ৬-৭ বছর আগেও ডোভার-এ এমন গাড়ি থামানো হত, যেখানে ১০টার মতো অস্ত্র লুকিয়ে রাখা থাকত। কিন্তু এখন এমন ঘটনা অনেক কমে গেছে।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে এখনও অস্ত্র কেনাবেচা অনেক কষ্টসাধ্য। আর প্যারিস আক্রমণের পর অস্ত্র বেচা বন্ধ করতে পুলিশ তাদের নজরদাড়ি আরও অনেক বৃদ্ধি করেছে। কিন্তু তারপরও কিছু নির্দিষ্ট কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জার্মানি থেকে আগ্নেয়াস্ত্র আসছে বলে জানান তিনি।
স্কাই নিউজ জানিয়েছে, এক্ষেত্রে অপরাধীরা নতুন কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এখন পুরো একটি অস্ত্র না পাঠিয়ে অপরাধীরা সেগুলো ছোট ছোট অংশে ভাগ করে পাঠাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “অস্ত্রের অংশগুলো আলাদা করে, আলাদা আলাদা অংশ পাঠানোর একটি রীতি আমাদের নজরে আসছে।” একবার কোনো অস্ত্র যুক্তরাজ্যে পৌঁছে গেলে তা সন্ত্রাসীদের হাতেও যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
২০১২০ সালে থম্পসন ওয়েস্ট মিডল্যান্ড বাহিনীতে যোগদান করেন। সে বছর দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কাঠামো যাচাইয়ে তিনি নেতৃত্ব দেন।
