২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে আইসিটি এক্সপো ’১৬

দেশীয় সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তি উৎপাদক দেশ হওয়ার লক্ষ্য নিয়ে চলতি বছরের ৩ মার্চ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “দ্বিতীয় বারের মতো আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী প্রযুক্তির এই মেলায় থাকছে প্রযুক্তি-জীবনধারার সামগ্রিক প্রদর্শনী।” পলক যোগ করেন, “দেশের হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতকে এগিয়ে নিতেই আয়োজন করা হয়েছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬।”

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল-এর এ সম্মেলনটির উদ্বোধন করার কথা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও উদ্বোধনী ওই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ থাকবেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে পলক আরও বলেন, “আগামী ২/৩ বছরের মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্কে তৈরি হবে স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। এর মাধ্যমে আমাদের প্রতি বছর খরচ হওয়া মোটা অংকের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এবারের মেলায় আমরা দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরবো।”

বিসিএস সভাপতি মাহফুজুল আরিফ বলেন, “সফটওয়্যার-হার্ডওয়্যার, এই দুইটি অনুষঙ্গ থাকার পরও যদি এর ব্যবহার অথবা এটি সচল করার কোনো কৌশল জানা না থাকে, তবে সব প্রচেষ্টাই বুমেরাং হয়। এই সীমাবদ্ধতা অতিক্রম করতেই বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত উন্নয়নের একটি সম্মিলিত প্রয়াস- বাংলাদেশ আইসিটি এক্সপো।”

সবার জন্য উন্মুক্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।