ফিশিং স্ক্যামের কবলে স্ন্যাপচ্যাট
ফিশিং স্ক্যামের কবলে পড়ে নিজেদের বর্তমান ও সাবেক প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর স্পর্শকাতর ডেটা অজানা ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছেন এক স্ন্যাপচ্যাট কর্মী। পাঠিয়ে দেওয়া ওই ডেটার মধ্যে রয়েছে সোশাল সিকিউরিটি নাম্বার, পারিশ্রমিক এবং স্টক-অপশনবিষয়ক তথ্য।
এগুলো পাঠানোর সময় মনে করা হয়েছিল, তথ্যগুলো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পাইগেল-কে পাঠানো হচ্ছে। কিন্তু মিনিট ১৫-এর মধ্যেই বুঝে যান, ডেটাগুলো অন্য কারো হাতে চলে গেছে এবং প্রধান নির্বাহী স্পাইগেল এক ইমেইল বার্তায় নিশ্চিত করেন, ডেটা পাঠানো ওই কর্মকর্তাটি ফিশিং স্ক্যামের শিকার হয়েছেন।
পরবর্তীতে নিজেদের ওয়েবসাইটে এক মেসেজ পোস্ট করেছে স্ন্যাপচ্যাট। ওই মেসেজে বলা হয়েছে, “আমরা এমন একটি প্রতিষ্ঠান যারা প্রাইভেসি এবং নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আর তাই আমাদের মধ্যে অনুশোচনা ও বিব্রতবোধ কাজ করছে যে, আমাদেরই একজন কর্মী ফিশিং স্ক্যামের কবলে পড়েছিলেন এবং কিছু কর্মকর্তার পারিশ্রমিক সংক্রান্ত তথ্য প্রকাশ করে দিয়েছেন। সুংসবাদ হচ্ছে, আমাদের সার্ভারে অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি এবং গ্রাহক ডেটা সম্পূর্ণ নিরাপদে রয়েছে। আর দুঃসংবাদটি হচ্ছে, আমাদের বেশ কিছু কর্মীর পরিচয়বিষয়ক ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে, সেজন্য আমরা সত্যিই দুঃখিত।”
বর্তমানে এফবিআই এটির তদন্ত করছে এবং যেসব স্ন্যাপচ্যাট কর্মীর ডেটা বেহাত হয়েছে, তাদেরকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ। এ ছাড়াও আক্রান্ত কর্মীদের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনামূল্যে ‘ক্রেডিট মনিটরিং সফটওয়্যার’ এবং ‘আইডেনটিটি থেফট ইনসুরেন্স’ সুবিধা দেওয়া হয়েছে।
