উৎক্ষেপণের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ
বেসরকারি স্পেস প্রতিষ্ঠান স্পেসএক্স-এর স্যাটেলাইট লঞ্চের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তবে কোনো কারিগরি ত্রুটির জন্য নয়, পাশ দিয়ে যেতে থাকা এক নৌযানের কারণে এবারের স্যাটলাইট উৎক্ষেপণ প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছে।
ফ্যালকন ৯ স্যাটেলাইটটির উৎক্ষেপণ প্রক্রিয়াটিকে একদম শেষ মূহুর্তে অনেকটা জোরপূর্বক ঠেকানো হয়েছে। যে সময়টিতে উৎক্ষেপনের ইতি টানা হয়েছে, সে সময়ে ফ্যালকন ৯-এর ইঞ্জিন পর্যন্ত জ্বলে উঠেছিল। পরে অনবোর্ড কম্পিউটার থেকে উৎক্ষেপণ প্রক্রিয়াটির ইতি টানা হয়।
এ প্রসঙ্গে স্পেসএক্স নির্বাহী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, “স্পেসএক্স লঞ্চ ‘লো থ্রাস্ট অ্যালার্ম’-এর জন্য বাতিল করা হয়েছে।” গত পাঁচদিনের মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ প্রচেষ্টা। চতুর্থ উৎক্ষেপণ প্রচেষ্টাটি এই সপ্তাহের শেষ নাগাদ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।
উৎক্ষেপণ সফল হলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তুলনায় পৃথিবীথেকে একশগুণ দূরে, প্রায় ২২,০০০ মাইল দূর থেকে পৃথিবীকে আবর্তন করবে ফ্যালকন ৯ স্যাটেলাইটটি। একবার ঠিক অবস্থানে পৌঁছাতে পারলে এশিয়া-প্যাসিফিক এর বেশ কিছু অংশে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে পারবে ফ্যালকন ৯।
