২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম ডেটা স্টোরেজ কিনছে ডেল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল-কে বিশ্বের বৃহত্তম ডেটা স্টোরেজ ‘ইএমসি’ কেনার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান নিয়ন্ত্রকরা। ৬৭০ কোটি ডলারের বিনিময়ে ইএমসি কিনছে ডেল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

বিশ্বের এই বৃহত্তম ডেটা স্টোরেজ কেনার চেষ্টায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) অনুমতি পাওয়াটাই ডেল-এর জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রতিষ্ঠান ডেল-এর বিশ্বাস, ইএমসি কেনার ফলে ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে আইবিএম, সিসকো সিস্টেমস এবং হিউলেট-প্যাকার্ড-এর সঙ্গে আরও ভালো বাজার প্রতিযোগিতা সৃষ্টি করতে পারবে তারা। তবে ইউরোপিয়ান কমিশন মন্তব্য করেছে, প্রতিষ্ঠান দুটি একত্রিত হওয়ার পরও কঠিন বাজার প্রতিযোগিতার সম্মুখীন হবে।        

এ প্রসঙ্গে ইউরোপিয়ান কমিশনের কম্পিটিশন কমিশনার মারগ্রেথে ভেস্টাজার বলেছেন, “আমি আনন্দিত যে, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ইএমসি কেনা বিষয়ে ডেল-এর মাল্টিবিলিয়ন ডলারের প্রচেষ্টার ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি এবং নিশ্চিত করতে পেরেছি এর মাধ্যমে কোনো গ্রাহকের উপর ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না।”

অন্যদিকে ইউরোপিয়ান নিয়ন্ত্রকদের অনুমতি এতদিনে এসে পেলেও, নিজ দেশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের অনুমতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই পেয়েছিল ডেল। প্রতিষ্ঠান দুটি ছোট বাজারে নিয়ন্ত্রকবিষয়ক অনুমতি পাওয়ার জন্য এখনও অপেক্ষা করছে। এ ছাড়াও ইএমসি শেয়ার মালিকদের অনুমতির প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।

এ বিষয়ে ডেল-এর এক মুখপাত্র জানিয়েছেন, ইউরোপিয়ান নিয়ন্ত্রকদের অনুমতি পাওয়ার বিষয়টি দৃঢ় একটি ইঙ্গিত বহন করছে যে এই চুক্তি মূল শর্তের অধীনে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। 

আশা করা হচ্ছে, চলতি বছরের জুলাই মাস প্রতিষ্ঠান দুটির মধ্যে নাগাদ আর্থিক লেনদেন সম্পন্ন হয়ে যাবে।