ব্ল্যাকবেরি-সিম্বিয়ান ছাড়ল হোয়াটসঅ্যাপ
ব্ল্যাকবেরি ১০, উইন্ডোজ ফোন ৭.১ এবং নোকিয়া সিম্বিয়ান এস৬০সহ বেশ কিছু অপারেটিং সিস্টেম-এর জন্য নিজেদের সাপোর্ট সেবার ইতি টানার ঘোষণা দিয়েছে ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবাদাতা হোয়াটসঅ্যাপ।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ব্যবহারকারীরা যে মোবাইল প্লাটফর্মগুলো সবচেয়ে বেশি ব্যবহার করছে, তারা সেগুলোর ব্যাপারে মনোযোগী হতে আগ্রহী।
হোয়াটসঅ্যাপ যে অপারেটিং সিস্টেমগুলোতে আর নিজেদের সাপোর্ট সেবা দেবে না, সেগুলোর একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই অপারেটিং সিস্টেমগুলোর সাপোর্ট সেবার ইতি টানা হবে।
হোয়াটসঅ্যাপ-এর ওই তালিকায় রয়েছে-
১. অ্যান্ড্রয়েড ২.১ ও অ্যান্ড্রয়েড ২.২
২. ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ৭ এবং এর আগের সংস্করণগুলো
৩. ব্ল্যাকবেরি ১০
৪. নোকিয়া এস৪০
৫. নোকিয়া সিম্বিয়ান এস৬০
৬. উইন্ডোজ ফোন ৭.১
অপারেটিং সিস্টেমগুলোর সাপোর্ট সেবায় ইতি টানার মূল কারণটি হচ্ছে, এগুলো আর নতুন ডিভাইসে ব্যবহার করা হয় না বা এগুলোর জন্য নতুন আপডেট ছাড়া হয় না। তবে ব্ল্যাকবেরি ১০ এর কারণটি সম্পূর্ণ ভিন্ন। কমসংখ্যক ব্যবহারকারীর জন্য স্মার্টফোনটিকে এই তালিকার অধীনে ফেলা হয়েছে।
নিজেদের এই পদক্ষেপ প্রসঙ্গে এক ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, “আমাদেরকে বর্তমান পর্যায়ে নিয়ে আসতে এই মোবাইল ডিভাইসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু আমাদের অ্যাপের জন্য যে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে, সেটিতে এই মোবাইল ডিভাইসগুলো আর ওই ভূমিকা রাখতে পারবে না।”
অন্যদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্ল্যাকবেরি ১০-এর সাপোর্ট বন্ধ করলেও, ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য সাপোর্ট বন্ধ করছে না হোয়াটসঅ্যাপ।
