পেটেন্ট সমস্যায় ডেডপুল
পেটেন্ট আইন লংঘন করেছে ডেডপুল। আর পরিষ্কারভাবে বলতে গেলে, ডেডপুল চলচ্চিত্রটি নির্মাণের সময় ‘ফেসিয়াল অ্যানিমেশন’-এর জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে, পেটেন্ট অনুমতি ছাড়াই সেটি ব্যবহার করেছেন নির্মাতারা। শুধু ডেডপুল নয়, অ্যাভেঞ্জারস: এজ অফ আলট্রন চলচ্চিত্রটিতেও একই কাজ করা হয়েছে।
ফেসিয়াল অ্যানিমেশন ওই প্রযুক্তিটির নাম ‘মোভা’। মোভা প্রযুক্তির সাহায্যে অভিনেতার প্রতিটি ‘ফেসিয়াল ট্রিক’ এবং ‘মোশন’ ধারণ করা হয় এবং পরবর্তীতে তা ‘অ্যানিমেটেড ফিগার’ তৈরির সময় ব্যবহার করা হয়।
এই প্রযুক্তিটির পেটেন্ট মালিকানা রয়েছে মার্কিন প্রতিষ্ঠান রিয়ারডেন-এর হাতে। এখন সমস্যা হচ্ছে, চীনা প্রতিষ্ঠান শেনঝেনশি হাইটাইচেং সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলিউড ভিজুয়াল এফেক্ট প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইন-এর সঙ্গে কাজ করে এবং প্রতিষ্ঠান দুটি ওই চলচ্চিত্রগুলোতে অনুমতি ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে পেটেন্ট আইন লংঘন করেছে।
অনুমতি ছাড়া প্রযুক্তিটি ব্যবহারের কারণে স্যান-ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান রিয়ারডেন চীনা প্রতিষ্ঠান ও ডিজিটাল ডোমেইন-এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেই। কিন্তু সাম্প্রতিক চলচ্চিত্র ডেডপুল-এর ক্ষেত্রেও একই পেটেন্ট নিয়ে ঘটনাটির পুনরাবৃত্তির কারণে মামলাটি বর্তমানে আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস
আদালতের কাছে রিয়ারডেন-এর পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে, পেটেন্ট আইন লংঘনের জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং অনুমতি ছাড়া মোভা প্রযুক্তি ব্যবহার করে যেসব চলচ্চিত্র ও কনটেন্ট তৈরি করা হয়েছে, সেগুলোর সরবরাহে ইতি টানা হোক। মামলাটি অনেকদূর পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন আইনজীবিরা।
