মুখে বলেই লেখা যাবে গুগল ডকস-এ
গুগল ডকস অ্যাপ ব্যবহারকারীদের ‘ভয়েস-ডিকটেশন টুল’-এর সুবিধা দেওয়া শুরু করেছে ওয়েব জায়ান্ট গুগল। এই টুলটির সাহায্যে কোনো কিবোর্ড ছাড়া শুধু মৌখিক নির্দেশনার মাধ্যমেই ‘লেখা’ সম্ভব হবে।
গুগল ডকস-এর এই ‘ভয়েস-ডিকটেশন টুল’ ব্যবহার করে মেমো, মেসেজ এবং প্রতিবেদন লিখতে পারবেন ব্যবহারকারীরা এমনটাই জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। গুগলের মূল প্রতিষ্ঠান নিজেদের নতুন টুল ‘ভয়েস-টাইপিং’ উন্মোচন করেছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এর আগ পর্যন্ত গুগল ডকস অ্যাপে তৃতীয় পক্ষের তৈরি ভয়েস-ডিকটেশন টুল ব্যবহার করতেন ব্যবহারকারীরা।
এখন গুগলের টুলটিকেই যাতে গ্রাহকরা ‘লেখার’ কাজে ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থা করেছে গুগল। ব্যবহারকারীরা শুধু মৌখিক নির্দেশনার মাধ্যমেই কোনো কিছু লেখার পাশাপাশি সেটি সম্পাদনাও করতে পারবেন। ইতোমধ্যে গ্রাহকদেরকে টুলটি পরীক্ষা করে দেখার জন্যও আহ্বান জানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই টুলটি মাইক্রোফোন এবং ক্রোম ব্রাউজারের আপডেটেড সংস্করণের সঙ্গে সবচেয়ে ভালোভাবে কাজ করে।
গত কয়েক বছরে ‘ভয়েস-ডিকটেশন’ টুল উন্নত হওয়ায়, এর ব্যবহার আগের তুলনায় যথেষ্ট বেড়েছে বলে মন্তব্য করেছে ওয়াল স্টিট্র জার্নাল। নতুন এই প্রযুক্তিটি ‘টাইপ’ করতে সক্ষম নন এমন কম্পিউটার ব্যবহারকারীদেরকে বাড়তি সুবিধা দিতে পারবে। আর তাই বর্তমানে সিলিকন ভ্যালির অন্যতম বড় একটি লক্ষ্য হচ্ছে, এই প্রযুক্তিটিকে এমনভাবে উন্নত করা যাতে করে কিবোর্ডের বদলে শুধু মৌখিক নির্দেশনার মাধ্যমেই কম্পিউটারের যাবতীয় কাজ করা সম্ভব হয়।
