২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বড় সেলফি স্টিক

সময়ে অসময়ে সেলফি তোলাটা এখন অনেকের জন্যই একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর সেলফি তোলার জন্য সাম্প্রতিক সময়ে সেলফি স্টিকের প্রচলন বেশ ভালোই লক্ষ্য করা যায়। এই সেলফি স্টিকের দৈর্ঘ্য নিয়েই নতুন রেকর্ড লেখা হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সম্প্রতি জেমস ওয়্যার নামের যুক্তরাজ্যের এক ইউটিউব ব্যাক্তিত্ব বিশ্বের সবচেয়ে লম্বা সেলফি স্টিক বানানোর দাবি করেছেন। তার এই সেলফি স্টিকটি ৯.৫৭ মিটার লম্বা বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। 

বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা সেলফি স্টিক বানানোর রেকর্ডটি হলিউডি অভিনেতা বেন স্টিলার-এর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই  ৮.৫৬ মিটার দীর্ঘ সেলফি স্টিকটি দিয়ে তিনি লন্ডনে 'জুল্যান্ডার ২' চলচ্চিত্রের প্রিমিয়ারে সেলফি তুলে এই রেকর্ড গড়েন।

বেন স্টিলারের ওই রেকর্ড ভাঙতেই মনস্থির করেন জেমস ওয়্যার। এজন্যই তিনি বাজার থেকে পাইপ টেইপ এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম কেনেন। এগুলো দিয়ে সেলফি স্টিকটি বানানোর পর তিনি এটি পরিমাপ করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় ৯.৫৭ মিটার। আর এটি বানাতে তাকে খরচ করতে হয়েছে ৬২ মার্কিন ডলার।

সেলফি স্টিকটি বানানো হলে সেটি দিয়ে সফলভাবে সেলফিও তোলেন তিনি। তবে এই সেলফি স্টিক দিয়ে তোলা ছবি ভালোমানের ছবি তোলার নিশ্চয়তা দিতে পারবেনা। তার তোলা একটি সেলফি দেখে তিনি নিজেই মন্তব্য করেন, "ছবিটিতে আমার পোজ দেখে মনে হচ্ছে, আমি জলত্যাগ করছি।”

লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জেমস তার একটি প্রোফাইল ছবি তুলতে গেলে সেখানকার নিরাপত্তাকর্মী তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়নি। পরে তিনি তার সেলফি স্টিক ব্যবহার করেই ছবিটি তুলেন। তবে তার এই অর্জনটি দেখার জন্য সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।